শিক্ষা

এসএসসির প্রশ্নফাঁস শনাক্তে সাইবার নজরদারি করা হবে: শিক্ষামন্ত্রী

সাইবার নজরদারির মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না, তা নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

Advertisement

তিনি বলেন, আমরা নজরদারি করছি, সাইবার অপরাধ; প্রশ্নপত্র যারা থানা থেকে নেবেন, তারা কোনো ক্রাইম করছেন কি না, তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা মনিটরিং সেল করেছি, এর মধ্যে কিছু হয় কি না সেজন্য আমরা এগুলো খুব সুন্দরভাবে সবকিছু করেছি। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। সেখানে ডিসি-ইউএনওসহ সবাই আছেন। প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই। কেউ অপচেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট ১৯৮০, যেটা রয়েছে সেটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই আইনে ডিজিটাল ক্রাইমের কথা ছিল না। এগুলো ইনক্লুড (যুক্ত) করা হয়েছে। পরীক্ষার যে ডেফিনেশন, সেটাও বদলানো হয়েছে।

Advertisement

উত্তরপত্র মূল্যায়ন প্রসঙ্গে দেখার সময় মানবিক নম্বরের ব্যাপারে এহছানুল হক মিলন বলেন, আমরা যেটা করছি, সেটা হলো আমাদের বোর্ডের পরীক্ষকদের খাতা দেখার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে। খাতা দেখার পদ্ধতি সঠিক আছে কি না, সেগুলো আলোচনায় এনেছি। আমরা এমন কোনো ইনস্ট্রাকশন (নির্দেশনা) দিইনি যে মানবিক নম্বর দেবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দীন আল মাহমুদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এএএইচ/ইএ

Advertisement