ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে দ্রুত বৈধ আসন বরাদ্দের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছেন প্রথমবর্ষের শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সকালে মধুর ক্যানটিনের সামনে এ কর্মসূচি শুরু হয়, যা পূর্বঘোষণা অনুযায়ী সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। কর্মসূচিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আবাসন সংকটে ভোগা নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।
কর্মসূচিতে অংশ নিয়ে শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী (এখনো সিট পাননি) আসহাব আহমেদ শাহীব বলেন, এটি সম্পূর্ণভাবে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টতা নেই।
তিনি বলেন, যারা ক্যাম্পাসে এসে এখনো হলে সিট পাইনি, তারা নিজেদের গ্রুপে বিষয়টি জানাই। সেখান থেকেই সবাই এসে এখানে স্বাক্ষর করছেন। স্বাক্ষর সংগ্রহ করে আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেবো।
Advertisement
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী নাকিবুল ইসলাম নকিব জানান, বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও তারা এখনো হলে উঠতে পারেননি। এতে নিয়মিত ক্লাসে অংশগ্রহণে বিঘ্ন ঘটছে। যাতায়াতে অতিরিক্ত সময় ব্যয় হওয়া ছাড়াও বাইরে থাকার কারণে খাবার ও দৈনন্দিন জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের মূল দাবি হলো ২০২৫-২৬ সেশনের সব শিক্ষার্থীকে দ্রুত বৈধ সিট দেওয়া এবং পরবর্তী সেশনের ক্লাস শুরুর আগেই আবাসন নিশ্চিত করা। এই লক্ষ্যেই আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি।
তিনি বলেন, আবাসন সংকটের কারণে প্রথমবর্ষের প্রায় ১৫ থেকে ২৫ শতাংশ শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে পারছেন না।
এই শিক্ষার্থী বলেন, অনেক শিক্ষার্থী মেসে বা বাসায় থেকে পড়াশোনা করছেন। বিশেষ করে ছাত্রীদের জন্য বিষয়টি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। কারণ তারা বাইরে থেকে পর্যাপ্ত নিরাপত্তা পাচ্ছেন না। অনেকেই গ্রাম থেকে এসেছেন, ঢাকায় নতুন হওয়ায় তাদের ভোগান্তি আরও বেশি।
Advertisement
গণস্বাক্ষর কর্মসূচির প্রথম দুই ঘণ্টাতেই প্রায় দেড় হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন বলে জানান তিনি।
এফএআর/ইএ