গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে। সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
Advertisement
সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ কথা বলেন।
সাংবাদিকতার জন্য ভয়হীন পরিবেশ নিশ্চয়তা আপনারা দেবেন কি না- একজন সাংবাদিক জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনি ভয় পাচ্ছেন নাকি? ১৭ বছর ভয়ে ছিলেন বলে কি এখনো ভয় পাবেন? আমরা তো যারা... একটা শিশু যখন জন্মায়, তাদের অনেক সময় বাংলাদেশে আমরা যেটা দেখেছি আমাদের এশিয়ান কালচার—বাচ্চাদের ভয় দেখানো হয়। আমরা মনে হয় ওই বয়সটা পার হয়ে এসেছি।’
তিনি বলেন, ‘অ্যাটলিস্ট আপনারা গত দুই মাসে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, উই ডোন্ট ওয়ান টু কন্ট্রোল মিডিয়া, উই ডোন্ট হ্যাভ ইনটেনশন টু কন্ট্রোল মিডিয়া, ওই উইল নট কন্ট্রোল মিডিয়া (আমরা গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাই না, গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য আমাদের নেই, আমরা গণমাধ্যম নিয়ন্ত্রণ করবো না)।’
Advertisement
ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা অতীতে দেখেছি, এটা আপনারা আরও ভালো করে জানেন, কীভাবে মিডিয়াকে কন্ট্রোল করা হয়েছে। মিডিয়া উইল নট বি কন্ট্রোলড (গণমাধ্যম নিয়ন্ত্রণের মধ্যে থাকবে না), মিডিয়ার স্বাধীনতা থাকবে। মিডিয়া যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, এটা অব্যাহত থাকবে। এটুকু আপনাদের বলতে পারি—এটা প্রধানমন্ত্রীর নীতি এবং তার নির্দেশ যে, মিডিয়া উইল নট বি কন্ট্রোলড ইন এনি ওয়ে অর ফরম।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। এখানে আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য আমি আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই বোনদের কাছে আমি সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। মানুষ মাত্রই ভুল করে। আমাদের ভুল হলে আপনারা ভুল ধরিয়ে দেবেন। তবে এমনভাবে ধরিয়ে দেবেন যেন আপনাদের উপকার হয়, জনগণের উপকার হয়। যেন আমরা এগুলো নিয়ে এগিয়ে যেতে চাই।’
প্রতিমন্ত্রী বলেন, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। অতীতে কে কী করেছে সেটা নিয়ে পড়ে থাকতে চাই না, এগিয়ে যেতে চাই। বাংলাদেশকে একটা আধুনিক তবে সুশৃঙ্খল এবং যেন কোনো অশ্লীলতা আমাদের টেলিভিশন বা অনলাইনে যেন না থাকে, সেদিকে আমরা কাজ করে যেতে চাই।
অনেক সময় আমরা দেখি যে আমাদের নৈতিক অবক্ষয় যেন না হয় সেদিকে খুব কম কাজ হচ্ছে। কিন্তু আমরা এই কাজগুলো যেন আরেকটু ভালোভাবে করতে পারি। নৈতিকতাটা যেন আমরা আরও মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি, সেদিকে আমি আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমাদের অবশ্যই এটি এগিয়ে নেওয়ার জন্য আমাদের আন্তরিক চেষ্টা থাকবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এসময় প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।
আরএমএম/এমআইএইচএস