জাতীয়

চট্টগ্রামে এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড, জরিমানা সোয়া ২ কোটি টাকা

মাদক বিক্রির টাকায় অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় রুপম চৌধুরী (৪১) নামের এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৬৬০ টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রুপম চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী এলাকার দয়াল চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের হালিশহর মধ্যম নাথপাড়া এলাকায় থাকেন।

দুদকের আইনজীবী মোকাররম হোসেন বলেন, মাদকের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Advertisement

আরও পড়ুনসস্ত্রীক মাদক কারবারির বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলা

মামলার বিবরণে জানা যায়, রুপম চৌধুরী দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ৬৫ লাখ ৬ হাজার ৮৩০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৬১ লাখ ৫১ হাজার ৮৩০ টাকার সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়।

গত ১৩ এপ্রিল একই আদালত মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি মামলায় রুপম চৌধুরী ও তার স্ত্রী সন্ধ্যা রানী চৌধুরীকে ৪ বছরের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। পরে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Advertisement

দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে একটি জাতীয় দৈনিকে ‘ইয়াবা রূপম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে বিষয়টি সামনে আসে। পরে অনুসন্ধানে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।

এরপর ২০২১ সালে সম্পদ বিবরণী যাচাই করে তথ্য গোপনের বিষয়টি নিশ্চিত হয় দুদক।

এমআরএএইচ/বিএ