মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারে পাকিস্তানের ইতিবাচক প্রচেষ্টার পর অবশেষে শান্তি আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি ‘ইতিবাচকভাবে বিবেচনা’ করছে তেহরান। সোমবার (২০ এপ্রিল) রয়টার্সকে ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
Advertisement
এর আগে তেহরান আলোচনায় অংশ না নেওয়ার ঘোষণা দিলেও এখন তাদের সুর কিছুটা নরম হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে প্রধান মধ্যস্থতাকারী পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন, নৌ-অবরোধই আলোচনার প্রধান অন্তরায়। পাকিস্তানি নিরাপত্তা সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প আসিম মুনিরের এই পরামর্শ বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন। পাকিস্তানের প্রচেষ্টায় বন্দরগুলোতে মার্কিন অবরোধ শিথিল হওয়ার সম্ভাবনায় তেহরান এখন আলোচনায় বসার বিষয়টি পর্যালোচনা করছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে। ট্রাম্প এই মেয়াদ বাড়ানোর বিষয়ে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।
Advertisement
এদিকে, রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী ‘তুস্কা’ নামের একটি কনটেইনার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানায়, জাহাজটি চলমান নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করছিল। সতর্কতা উপেক্ষা করলে একটি মার্কিন ডেস্ট্রয়ার জাহাজটি লক্ষ্য করে গুলি চালায়। ইঞ্জিনরুম লক্ষ্য করে চালানো এই গুলিতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় ও চলাচলে অক্ষম হয়ে পড়ে।
এদিকে, ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, জাহাজটি চীন থেকে যাত্রা করছিল। চীন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সমুদ্রপথে স্বাভাবিক চলাচল বজায় রাখার আহ্বান জানিয়েছে।
সূত্র: রয়টার্স
এসএএইচ
Advertisement