আন্তর্জাতিক

মেক্সিকোর পিরামিডে নারীকে গুলি করে হত্যা

মেক্সিকোর তেওতিহুয়াকান পিরামিডে গুলি করে এক কানাডিয়ান নারীকে হত্যা ও আরও ছয়জনকে আহত করার পর এক বন্দুকধারী সন্ত্রাসী আত্মহত্যা করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে মেক্সিকো সিটির বাইরে অবস্থিত জনপ্রিয় ট্যুরিস্ট ও প্রত্নতাত্ত্বিক স্থানটিতে সোমবার (২০ এপ্রিল) এই ঘটনা ঘটে।

Advertisement

মেক্সিকোর সিকিউরিটি ক্যাবিনেটের বরাতে জানা গেছে, আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে, এ ব্যাপারে রয়টার্সের কাছে মন্তব্য করতে রাজি হয়নি কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

এ ঘটনার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছেন, আজ তেওতিহুয়াকানে যা ঘটলো তা আমাদের ব্যাথিত করেছে। তিনি এ পোস্টে আরও উল্লেখ করেন যে, তিনি এ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তার সরকার কানাডিয়ান দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন, আমি সিকিউরিটি ক্যাবিনেটকে এই ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করতে ও প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছি। অভ্যন্তরীণ ও সংস্কৃতি বিষয়ক সচিবালয় থেকে ঘটনাস্থলের দিকে কর্মীরা গেছেন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা দিতে।

Advertisement

প্রি-হিসপ্যানিক যুগের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি মেসোঅ্যামেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র।

এএমএ