রাজনীতি

একই পরিবার থেকে সংসদ সদস্য হচ্ছেন ৩ জন 

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর মেয়ে এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৩৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এই মনোনয়নের মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্য এমপি (সংসদ সদস্য) হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংসদীয় রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মনোনয়ন নিশ্চিত হলে বাবা, শ্বশুর ও তিনি নিজে—একই পরিবারের তিন সদস্য জাতীয় সংসদের সদস্য হওয়ার গৌরব অর্জন করবেন।

পেশায় আইনজীবী নিপুণ রায় চৌধুরী ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয়। তিনি ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি এবং নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব হিসেবেও দায়িত্বে রয়েছেন।

Advertisement

এদিকে একই তালিকায় নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের স্ত্রী, দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানাও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন।

কেএইচ/জেএইচ