ভারতে ক্রিকেট দ্বিতীয় ধর্ম। সেই ভারতের ক্রিকেট তারকাকে নিয়ে এখন আলোচনা হয় বিশ্বের বিভিন্ন দেশেই। এমনকি ক্রিকেট জনপ্রিয় নয়, এমন অনেক দেশেই। যেমন সার্বিয়ায় ক্রিকেট মোটেই জনপ্রিয় নয়। এরপরও বিশ্বব্যাপী জনপ্রিয় সার্বিয়ার টেনিস তারকা নোভাক জকোভিচ ক্রিকেট সম্পর্কে জানেন। আর সেটি জেনেছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির কারণে।
Advertisement
জোকোভিচের খেলা দেখতে বেশ কয়েকবার কোহলিকে গ্যালারিতে দেখা গেলেও কখনো ভারতের খেলা মাঠে বসে দেখেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে-অপরকে অনুসরণ করেন। লরিয়াস বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠানে ভারতের সংবাদমাধ্যম টাইমস নাউকে জকোভিচ জানান, কোহলির কারণেই তিনি ক্রিকেট দেখা শুরু করেন।
জকোভিচ বলেন, ‘কোহলি ভালো বন্ধু এবং এমন একজন যাকে আমি অবশ্যই সম্মান ও শ্রদ্ধা করি। সত্যি বলতে, কোহলির জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছি। আগে আমি ক্রিকেট অনুসরণ করতাম না, কিন্তু ওর মাধ্যমে আমি এই খেলাটির প্রতি আগ্রহী হই। আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে। আশা রাখি যদি ভারতে আসি, অবশ্য যদি বলতে চাই না, বরং যখন আমি ভারতে যাবো, তখন আশা করি কোহলিও আমার সঙ্গে দেখা করবে। আমরা একটু টেনিস, একটু ক্রিকেট খেলতে পারি, মজা করতে পারি এবং খেলাধুলার মাধ্যমে ইতিবাচক অনুভূতি ছড়িয়ে দিতে পারি।’
কোহলিকে নিয়ে জকোভিচের এমন মন্তব্যের কারণে ভারতীয় ক্রিকেট ভক্তদের প্রশংসায় ভাসছেন নোভাক জকোভিচ।
Advertisement
আইএন