এবার এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে আকস্মিক মানিকগঞ্জ জেলায় যান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। জেলার সিঙ্গাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে হঠাৎ তিনি ওই কেন্দ্রে হাজির হন। এরপর কেন্দ্র ঘুরে দেখেন। তবে হেলিকপ্টার নয়, গাড়িতে করে সেখানে যান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, এবার মন্ত্রী কোন জেলার কোন কেন্দ্রে পরিদর্শনে যাবেন, তা আগে থেকে প্রকাশ নিষেধ ছিল। সেজন্য গণমাধ্যমকর্মীদেরও বিষয়টি জানানো হয়নি। মন্ত্রী মানিকগঞ্জের বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। তার মধ্যে সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র অন্যতম। সেখানে চুপিসারে তিনি কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
এর আগে সকালে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রী রাজধানীর কোনো কেন্দ্রে যাবেন, না কি ঢাকার বাইরের কেন্দ্রে যাবেন; তা বলা যাবে না। তাদের ভাষ্য ছিল, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’
Advertisement
বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সে সময় কিছুই জানাতে রাজি হননি।
২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহছানুল হক মিলন। সে সময় সারা দেশে নকলের মচ্ছব ছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টার নিয়ে আকস্মিক বিভিন্ন জেলার কেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন।
দ্বিতীয় মেয়াদে এবার শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর নেটিজেনরা তার নাম দিয়েছেন ‘হেলিকপ্টার মিলন’। কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবারও হেলিকপ্টারে আকস্মিক বিভিন্ন জেলায় যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন।
এএএইচ/এমআরএম
Advertisement