দাম বৃদ্ধি ও ডিপো থেকে তেলের সরবরাহ বাড়ায় রাজবাড়ীর পেট্রোল পাম্পে কমেছে যানবাহন ও মোটরসাইকেল চালকদের সিরিয়াল।
Advertisement
আগে এক থেকে ৩ ঘণ্টা সিরিয়ালে অপেক্ষায় থাকলেও এখন ৩০ মিনিটের মধ্যেই গ্রাহকরা তেল পাচ্ছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ী ও পলাশ ফিলিং স্টেশনে গিয়ে এ চিত্র দেখা যায়।
জান যায়, সকাল থেকে রাজবাড়ী ফিলিং স্টেশনে শুধু কৃষক, যানবাহনসহ অন্যদের ডিজেল এবং পলাশ ফিলিং স্টেশনে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ ছোট গাড়িতে পেট্রোল দেওয়া হচ্ছে।
Advertisement
এ সময় শৃঙ্খলারক্ষা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে পাম্পে পুলিশসহ ট্যাগ অফিসারদের উপস্থিত থাকতে দেখা যায়।
গ্রাহকদের দাবি, তেলের দাম বৃদ্ধি ও ডিপো থেকে বরাদ্দ বাড়ায় কমছে সিরিয়াল। আগের তুলনায় সিরিয়াল অর্ধেকে নেমেছে। আগে কম দামে তেল নিয়ে অনেক মজুদ করে বাইরে বেশি দামে বিক্রি করেছে। এখন দাম বাড়ায় সেটা অনেকটাই বন্ধ হচ্ছে। তবে তেলের দাম বাড়ানো যৌক্তিক হয়নি বলে দাবি গ্রাহকদের।
বাইক চালক মোসলেম উদ্দিন, রুবেল মিয়া বলেন, দাম বাড়ার আগে তেল নিতে এলেই দেখা যেত এক কিলোমিটারের লম্বা সিরিয়াল। এখন সিরিয়াল অনেকটা কমলেও দাম বৃদ্ধিতে সমস্যা হচ্ছে। এর প্রভাব সব ক্ষেত্রে পড়বে। এরপরও বাধ্য হয়ে জীবিকার তাগিদে তেল নিতে হচ্ছে। কারণ তেল না পেলে তো কাজ কর্ম করা সম্ভব নয়।
পলাশ ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বিপুল কুমার বৈদ্য বলেন, দাম বাড়ার আগে পেট্রোল, অকটেন ও ডিজেলসহ ৬/৭ হাজার লিটার তেল পেতাম। আর এখন পাচ্ছি ৮/৯ হাজার লিটার। আরও বেশি পাব বলে আশ করছি। তবে ডিজেল ১০ হাজারসহ ১৬ হাজার লিটার তেল পেলে পাম্পে গ্রাহকদের চাহিদা মেটানো সম্ভব।
Advertisement
রাজবাড়ী ফিলিং স্টেশনের ম্যানেজার দুর্জয় বলেন, আগে রাজবাড়ী ও কাজী ফিলিং স্টেশন এ দুই পাম্পে সবমিলিয়ে ১৬/১৭ হাজার লিটার তেল পেলেও এখন পাচ্ছি ২২ হাজার লিটারের বেশি। ফলে চাপ কিছুটা কমেছে। আগের তুলনায় ৪/৫ হাজার লিটার বেশি।
রুবেলুর রহমান/এএইচ/জেআইএম