সাত দিনের রেইন লিভ বা বৃষ্টির দিনে ছুটি জিতে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন চীনের এক নারী কর্মী। দক্ষিণ চীনের চ্যাংশাহ শহরের একটি মসলাদার স্ন্যাকস কোম্পানিতে কর্মরত ওই নারী প্রতিষ্ঠানটির লটারিতে এই ব্যতিক্রমী পুরস্কার জেতেন।
Advertisement
প্রতিষ্ঠানটির নাম মালা ওয়াংঝি, যা ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০২৪ সালে তাদের বার্ষিক বিক্রি ১.৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। কর্মীদের মন ভালো রাখতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই বিশেষ লটারির আয়োজন করা হয়।
কোম্পানির অনলাইন মার্কেটিং প্রধান ঝাং জিলং, যিনি সামাজিক মাধ্যমে স্পাইসি সন নামে পরিচিত—একটি ভিডিওতে পুরো আয়োজনটি শেয়ার করেন। তিনি জানান, হুনানসহ দক্ষিণ চীনের বিভিন্ন অঞ্চলে দীর্ঘসময় ধরে বৃষ্টি হওয়ায় কর্মীদের যাতায়াতে অসুবিধা হচ্ছিল। এ কারণে তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।
লটারিতে ছাতা, রেইন বুট, হেয়ার ড্রায়ার, ডিহিউমিডিফায়ারসহ নানা ব্যবহারিক উপহার ছিল। তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল রেইন লিভ—সাত দিনের পূর্ণ বেতনসহ ছুটি, যা কর্মীরা প্রয়োজন অনুযায়ী ভাগ করে ব্যবহার করতে পারবেন। এছাড়া লেট পাস সুবিধাও দেওয়া হয়েছে, যার মাধ্যমে কর্মীরা বৃষ্টির দিনে দুইবার দেরি করলেও কোনো শাস্তি পাবে না।
Advertisement
প্রতিষ্ঠানটির ১০০-এর বেশি কর্মী এই লটারিতে কোনো না কোনো পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই উদ্যোগের প্রশংসা করেছেন। কেউ বলেছেন, এমন সুবিধাই কর্মীদের স্বপ্ন, আবার কেউ মন্তব্য করেছেন, দক্ষিণ চীনের বাস্তবতা বুঝেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চীনের আরেক প্রতিষ্ঠান প্যাংডংলাইও কর্মীদের জন্য আনহ্যাপি লিভ চালু করে আলোচনায় আসে।
বিশ্লেষকদের মতে, কর্মীদের মানসিক স্বস্তি ও কাজের পরিবেশ উন্নত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও জনপ্রিয় হতে পারে।
সূত্র: সাউথ চায়না মোর্নিং পোস্ট
Advertisement
এমএসএম