আইন-আদালত

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিমূলক তথ্য’: কনটেন্ট ক্রিয়েটর নাসিমের জামিন

 

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ প্রচারের অভিযোগে গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর এ এম হাসান নাসিমকে জামিন দিয়েছে আদালত।

Advertisement

মঙ্গলবার (২১ এপ্রিল) শুনানি শেষে আসামিপক্ষের করা আবেদন মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এক হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ এপ্রিল রাত ৮টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে নাসিমকে গ্রেপ্তাফতার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে জামিন শুনানির জন্য ২১ এপ্রিল দিন ধার্য করা হয়।

Advertisement

মামলার অভিযোগে বলা হয়, গত ১১ এপ্রিল রাতে গুলশানে নিজ বাসায় অবস্থানকালে বাদী নজরুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেখতে পান, যেখানে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনিকে উদ্দেশ্য করে বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। ‘সাগর থেকে তিনটি তিমি মাছ নিয়ে এসেছি, দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ, সবার দাওয়াত: চিফ হুইপ’—এমন ক্যাপশন ব্যবহার করে পোস্টটি করা হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

পরে একই আইডি থেকে বিভিন্ন সময়ে একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে দাবি করা হয়। পাশাপাশি, অজ্ঞাতপরিচয় একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে চিফ হুইপের ব্যক্তিগত নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চিফ হুইপের কর্মী নজরুল ইসলাম বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন।

এমডিএএ/এমকেআর

Advertisement