আন্তর্জাতিক

তুরস্ককে ‘সবসময় রক্ষা’ করবে ন্যাটো: জোটপ্রধান

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, তুরস্কসহ জোটভুক্ত দেশগুলোর সুরক্ষায় যা প্রয়োজন, ন্যাটো সবসময় তাই করবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরান থেকে ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমার দিকে আসার সময় তা প্রতিহত করার পর এ মন্তব্য করেন তিনি।

Advertisement

তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত রয়েছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো তেহরানের প্রতিশোধমূলক হামলার বড় ধাক্কা তুরস্ককে সহ্য করতে হয়নি, বিশেষ করে যুদ্ধবিরতির আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল।

ন্যাটো বাহিনী চার দফায় ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এর পরিপ্রেক্ষিতে জোটটি দক্ষিণ তুরস্কের ইনসিরলিক বিমানঘাঁটিতে একটি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে।

তুরস্ক সফরে দেশটির বৃহত্তম প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান আসেলসানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুটে বলেন, ইরান সন্ত্রাস ও বিশৃঙ্খতা ছড়িয়ে দিচ্ছে ও তুরস্কে তা স্পষ্টভাবে অনুভব করা যাচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ন্যাটো চারটি পৃথক ঘটনায় তুরস্কের দিকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। এ ধরনের হুমকির জন্য ন্যাটো প্রস্তুত ও তুরস্কসহ সব সদস্য দেশকে রক্ষায় যা প্রয়োজন, আমরা সবসময় তা করবো। তবে আমরা একা এটি করতে পারবো না।

রুটের এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন আগামী জুলাইয়ে আঙ্কারায় ন্যাটো নেতাদের একটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চলতি এই সফরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকও করবেন ন্যাটোপ্রধান।

তুরস্কের প্রতিরক্ষা খাতে অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, তুরস্ক এখানে যা করছে, তা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এটি প্রয়োজন, কারণ আমরা এখন আরও বিপজ্জনক এক বিশ্বে বাস করছি। আর এর মানে হলো আমাদের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

রুটে বলেন, তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা শিল্পে এক ধরনের বিপ্লব ঘটিয়েছে। আমি একে সত্যিই একটি বিপ্লব বলতে পারি।

Advertisement

সূত্র: এএফপি

এসএএইচ