বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে গত বছরের মে মাসে পথচলা শুরু হয় শন টেইটের। তার অধীনে পেস বোলাররা ভালো পারফরম্যান্স ধরে রেখেছেন। নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান বা তাসকিন আহমেদের বাইরে পাইপলাইনের পেসারদের সঙ্গেও কাজ করছেন অস্ট্রেলিয়ান এই কোচ। এই সময়ে বাংলাদেশের পেসারদের সঙ্গে কাজ করতে বেশ উপভোগ করছেন শন।
Advertisement
বুধবার সংবাদ সংবাদ সম্মেলনে বাংলাদেশি পেসারদের সঙ্গে কাজ করার অনুভূতি জানিয়ে শন টেইট বলেন, ‘আমি তাদের সঙ্গ উপভোগ করি। আমি তাদের উন্নতি দেখতে উপভোগ করি এবং যখন তারা ভালো করে তখন সেটা দেখা দারুণ কিছু। মেন্টর বা কোচ যেটাই বলুন, তাদের পাশে থাকতে হয় ভালো সময়েও, খারাপ সময়েও। এটা আলাদা কিছু না, আমি দেখি এটা আমরা সবাই একসঙ্গে। আমি তাদের বোলিং গ্রুপের অংশ এবং প্রায় এক বছর এখানে আছি। আমি সত্যিই এই ফাস্ট বোলারদের সঙ্গে সময় কাটানো এবং কাজ করা উপভোগ করি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে আছেন রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন। রিপন আগেও স্কোয়াডে ছিলেন তবে অভিষেক হয়নি। আর সাকলাইন এবারই প্রথম দলে ডাক পেলেন। দুজনের সঙ্গেই আগে কাজ করেছেন শন।
স্কোয়াডে এই দুই নতুন মুখ দেখে যারপরানাই খুশি শন টেইট। বলেন, ‘দারুণ যে জাতীয় দলে কিছু নতুন মুখ এসেছে। আমরা তাদের কিছুটা দেখেছি, আমি তাদের সাম্প্রতিক সময়ে কাজ করেছি, তবে এর আগেও এমার্জিং পর্যায়ে দেখেছি। গত ১২ মাসে তারা ভালো খেলেছে—বিপিএল বা এমার্জিং ক্রিকেট যেটাই হোক। তারা দুজনেই খুব ভালো পারফর্ম করেছে এবং তারা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমি গত এক থেকে দেড় মাসে তাদের সঙ্গে কিছু সময় কাটিয়েছি। তারা দুজনই দারুণ মানুষ এবং কাজ করতে খুব ভালো। তাই স্কোয়াডে তরুণদের থেকে নতুন এনার্জি পাওয়া সবসময়ই ভালো। টি-টোয়েন্টি সিরিজে তাদের সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছি।’
Advertisement
এসকেডি/এমএমআর