ক্যাম্পাস

শিবিরকে গুপ্ত আখ্যা দিয়ে শাবিপ্রবি ছাত্রদলের দেয়াল লিখন

ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২২ এপ্রিল) দুপুরে দেয়াল লিখন কর্মসূচি পালন করেন তারা।

Advertisement

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ড, নতুন ফুটকোর্ট, বিভিন্ন ডাস্টবিন, নতুন সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থাপনায় দেয়াল লিখন করেন।

কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা ‘গুপ্ত হতে সাবধান’, ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশি লেজকাটা’, ‘গুপ্ত (নিষিদ্ধ সাইন)’ সহ বিভিন্ন স্লোগান লিখেন।

শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আদনান আহমেদ মোহন বলেন, আমরা স্বৈরাচার হাসিনার আমলে দেখেছি একটি সংগঠন ছাত্রলীগের ছায়াতলে রাজনীতি করেছে। কিন্তু ৫ আগস্টের পর যখন হাসিনা পালিয়ে যায়, এরপরেও গুপ্ত রাজনীতি তারা টিকিয়ে রেখেছে। বিভিন্ন ক্যাম্পাসে তারা সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের ব্যানারে গুপ্ত রাজনীতি চালিয়ে যাচ্ছে।

Advertisement

তিনি আরও বলেন, চট্টগ্রামে আমরা দেখেছি ছাত্রশিবির বিভিন্ন উস্কানিমূলক কর্মসূচি দিয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের উস্কানি দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির কবর রচনা করার জন্য সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে দেয়াল লিখন কর্মসূচি দেওয়া হয়েছে।

কর্মসূচি সম্পর্কে কেন্দ্রীয় ছাত্রদল ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা অবগত আছেন বলে জানান শাবিপ্রবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক।

এসএইচ জাহিদ/এনএইচআর/জেআইএম

Advertisement