রাজধানীর বাড্ডার একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ভুল সেট কোডের প্রশ্নপত্র বিতরণের ঘটনা ঘটেছে। নির্ধারিত ‘১ নম্বর সেট’-এর পরিবর্তে ‘৩ নম্বর সেট’-এ পরীক্ষা নেওয়ায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
তবে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ড বলছে, যে সেটে পরীক্ষা হয়েছে, সে অনুযায়ী খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কনক মুহাম্মদ কাইমুল্লাহ চৌধুরী জানান, তার বিদ্যালয়ের মোট ৬৩৪ জন পরীক্ষার্থী ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের কাছে ভুল সেটের প্রশ্ন সরবরাহ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিক বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
Advertisement
আরও পড়ুনএইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ এসএসসি পরীক্ষায় রাজধানীতে ১২৭ কেন্দ্র, জেলা প্রশাসনের নজরদারি
তিনি বলেন, বোর্ড থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে, শিক্ষার্থীরা যে সেটে পরীক্ষা দিয়েছে, সেই সেট অনুযায়ীই তাদের খাতা মূল্যায়ন করা হবে। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না।
এ ঘটনায় কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের চরম অবহেলাকে দায়ী করছে বোর্ড। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দকার এহসানুল কবির বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। যেহেতু প্রশ্নপত্রটি এই বছরেরই এবং একই বিষয়ের, তাই পরীক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। আমরা ওই কেন্দ্রের খাতাগুলো আলাদাভাবে মূল্যায়ন করার বিশেষ ব্যবস্থা নিয়েছি।
ভুল সেটে পরীক্ষা নেওয়ার দায়ে কেন্দ্র সচিবের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বোর্ড চেয়ারম্যান আরও বলেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবকে এরই মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা নিশ্চিত করছি, কোনো শিক্ষার্থী যেন এ কারণে মেধা তালিকায় পিছিয়ে না পড়ে বা ক্ষতিগ্রস্ত না হয়।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এএএইচ/কেএসআর