ঢাকার আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর ফয়সল মোল্লা (৩৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা। গ্রেফতার ব্যক্তির নাম বিপ্লব হাসান বিপু (২৮)। ঘটনার মাত্র এক সপ্তাহের মধ্যেই তাকে গ্রেফতার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়।
Advertisement
পিবিআই জানায়, গত ১৫ এপ্রিল আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় ফয়সল মোল্লা নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি স্ব-উদ্যোগে গ্রহণ করে পিবিআই।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীর উত্তরা পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ।
তিনি বলেন, গত ১৫ এপ্রিল ঢাকার আশুলিয়া থানাধীন শ্রীখন্ডিয়া এলাকায় ফয়সাল মোল্লা নামক এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা হুমায়ুন কবির বাদী হয়ে বিপ্লব হাসান বিপু এবং মো. মাসুদসহ অজ্ঞাতনামা আরও ১/২ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর এজাহারভুক্ত আসামি বিপ্লব হাসান বিপু ও মাসুদ পালিয়ে আত্মগোপনে চলে যায়। পিবিআই ঢাকা জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।
Advertisement
পিবিআইয়ের তদন্ত টিম গত ১৯ ও ২০ এপ্রিল ফরিদপুরের বোয়ালমারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালমারীর সাতৈর থেকে মামলার বিপ্লব হাসান বিপুকে গ্রেফতার করে। গ্রেফতার বিপ্লব হাসান বিপুর তথ্যমতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছেনি দা ২১ এপ্রিল সকালে উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হলে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এম এন মোর্শেদ আরও বলেন, নিহত ফয়সাল গ্রেফতার বিপ্লব হাসান বিপু এবং এজাহারনাভুক্ত আসামি মাসুদের দূর সম্পর্কের মামাতো ভাই। দীর্ঘদিনের বিরোধ ও ক্ষোভের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার দিন ফয়সাল, বিপুর দুই কর্মচারীর কাছ থেকে থেকে নেওয়া মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য বিপুকে ঘটনাস্থলে আসতে বলে। বিপু সেখানে উপস্থিত হয়ে তার বড় ভাই মাসুদকেও ডেকে আনে।
কথা বলার এক পর্যায়ে মাসুদ হাতে থাকা লোহার রড দিয়ে ফয়সালকে অতর্কিত আঘাত করতে থাকে। এ সুযোগে বিপু ফয়সালের হাতে থাকা দা ছিনিয়ে নিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
Advertisement
পুলিশ সুপার এম এন মোর্শেদ বলেন, চাঞ্চল্যকর এ ঘটনার পর পিবিআই ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং ছায়াতদন্ত শুরু করে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
টিটি/এমকেআর