হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমদের কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দল যে অনেক উচ্চতায় উঠেছে তার সর্বশেষ প্রমান দলটির কোচ হতে আগ্রহিদের ব্যাপক সাড়া। ৩০ এপ্রিল শেষ হবে বর্তমান প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি। নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে বাফুফে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন প্রচার হওয়ার পরই ব্যাপকহারে আবেদন জমা হতে থাকে বাফুফেতে। সর্বশেষ খবর অনুযায়ী সেই আবেদনের সংখ্যা প্রায় পৌনে তিনশ। আবেদনের সময় বাকি আরো এক সপ্তাহ।
Advertisement
বর্তমান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও আবেদন করেছেন। আবেদন করেছেন স্থানীয় দুই অভিজ্ঞ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। ভারতের সাবেক কোচ ক্রোয়েশিয়ান ইগোর স্টিমাচ, রুয়ান্ডা ও ইথিওপিয়ার সাবেক কোচ জার্মানির আন্তোইন হে আছেন আবেদন করাদের তালিকায়। আবেদনকারীদের মধ্যে আছেন ফ্রান্স, পর্তুগাল, রোমানিয়া এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের কোচরাও।
তো এতগুলো বায়োডাটা নিয়ে কিভাবে কাজ করবে বাফুফে? তাই তো বাফুফে চার সদস্যের একটি কমিটি করে তাদেরকে একটি সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্ব দিয়েছে বাফুফে। যাতে হামজা-শামিতদের কোচ বাছাই প্রক্রিয়াটা সহজ হয়। ওই কমিটির অন্যতম সদস্য বাফুফের সদস্য ও সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন বুধবার বলেছেন,'আমরা মঙ্গলবারই দায়িত্ব পেয়েছি। আজ একটা সভা করেছি। বাংলাদেশ জাতীয় দলের কোচ হওয়ার জন্য এবার রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে। ২৫০ থেকে ২৭৫ জন কোচ তাদের সিভি জমা দিয়েছেন, যা বাংলাদেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক দিক।'
কোন ক্রাইটেরিয়ায় কোচ নিয়োগ দেওয়া হবে জানতে চাইলে ছাইদ হাছান কানন বলেছেন,'আমরা যে বিষয়গুলো দেখবো তার প্রথমই হবে কোচের যথাযথ প্রো-লাইসেন্স আছে কি না। তারপর তার ক্যারিয়ার ও অভিজ্ঞতা দেখবো। বিগত দিনের কোচিং ক্যারিয়ার এবং অভিজ্ঞতার ধরনও আমরা বিবেচনায় আনবো। এর পাশাপাশি থাকবে তার বয়টাও। সেটাও বড় বিবেচ্য। আমাদের দেশের আবহাওয়া, খাদ্যাভ্যাস এবং খেলোয়াড়দের মানসিকতা যারা দ্রুত বুঝতে পারবেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে।'
Advertisement
নতুন কোচের নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ্ব উল্লেখ করে বাফুফের এই কর্মকর্তা বলেছেন,'এবার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও উন্মুক্ত। আগে অনেক কিছু গোপন থাকলেও এখন সংবাদমাধ্যমের মাধ্যমে সবকিছুই সাধারণ মানুষ জানতে পারছে। আমরা একটি নির্দিষ্ট মানদণ্ড বা ক্রাইটেরিয়া তৈরি করে যোগ্য কোচ খুঁজে বের করার চেষ্টা করছি। এ জন্য সবার সহযোগিতা চাই। '
প্রথম সভা প্রসঙ্গে ছাইদ হাছান কানন বলেন, 'আমরা বুধবার প্রথম সভা করলাম। পৌনে ৩ শত আবেদনপত্র বাছাই করা সহজ কাজ না। আমরা কেবল শুরু করলাম।'
কোচের তালিকা সংক্ষিপ্ত করতে যে কমিটি করা হয়েছে সেই কমিটির অন্য ৩ জন হলেন বাফুফের টেকিনিক্যাল কমিটির প্রধান কামরুল ইসলাম হিলটন, বাফুফের সদস্য ইকবাল হোসেন ও বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটু।
আরআই/আইএইচএস
Advertisement