খেলাধুলা

বার্নলিকে অবনমনের হতাশায় ডুবিয়ে শীর্ষে ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার দৌড়ে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে ম্যানচেস্টার সিটি। বার্নলির মাঠে ১-০ গোলের জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পেপ গার্দিওলার দল। একই সঙ্গে বার্নলিকে চ্যাম্পিয়নশিপে অবনমিত করেছে।

Advertisement

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সিটি। মাত্র ৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন দলের সেরা তারকা আরলিং হালান্ড। জেরেমি ডোকোর পাস থেকে এগিয়ে গিয়ে চমৎকার ফিনিশে গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরেকটি সুযোগে তার শট পোস্টে লাগে।

এর আগে রায়ান চেরকির জোরালো শট দারুণভাবে ক্রসবারে ঠেলে দেন বার্নলির গোলরক্ষক মার্টিন ডুবরাভকা। পুরো ম্যাচেই একাধিক সুযোগ নষ্ট করে সিটি।

অন্যদিকে বার্নলিও কিছু সুযোগ পেয়েছিল। জাইডন অ্যান্থনির শট ঠেকান সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এবং জিয়ান ফ্লেমিং একটি ভালো সুযোগ নষ্ট করেন।

Advertisement

এই জয়ের ফলে পেপ গার্দিওলার দল টানা ১১ ম্যাচ অপরাজিত থেকে শীর্ষে উঠে এসেছে। মাত্র দুই সপ্তাহে তারা আর্সেনালের সঙ্গে ৯ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে ফেলেছে। পাঁচ ম্যাচ বাকি থাকতে শিরোপা দৌড় আরও জমে উঠেছে।

এদিকে পরাজয়ের ফলে কোচ স্কট পার্কারের দল বার্নলি আগামী মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলবে। তাদের সঙ্গে ইতোমধ্যে অবনমিত হয়েছে তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

এমএমআর

Advertisement