দেশজুড়ে

দেড় বছর কারাগারে থাকা ছাত্রলীগ নেতাকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখালো পুলিশ

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে একটি বিস্ফোরক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তাকে আবারও কারাগারে পাঠানো হয়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

তিনি বলেন, নওশেল আহমেদ অনির বিরুদ্ধে থাকা ছয়টি মামলায় হাইকোর্ট জামিন দেন। তিনি কারাগারে ছিলেন। দুপুরে তাকে বিস্ফোরক আইনের মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে আদালতে তোলে পুলিশ। পরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র সরকারের আদেশে নওশেল আহমেদ অনিকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমানের কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

ওই ঘটনায় ওই বছরের ২৪ জুলাই ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলাসহ আরও কয়েকটি মামলায় নওশেল আহমেদ অনিকে আসামি করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর আওয়ামী লীগ নেতাদের মতো নওশেল আহমেদ অনিও আত্মগোপনে চলে যান। তবে ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশেল আহমেদ অনিকে পিস্তল হাতে মিছিলে দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করে র‌্যাব। এরপর থেকেই (দেড় বছরের বেশি সময়) ময়মনসিংহের কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

Advertisement