জাতীয়

রাজধানীতে নিরাপদ সড়ক-জলবায়ুবিষয়ক কর্মশালা

নিরাপদ সড়ক, জলবায়ু কার্যক্রম এবং বিশুদ্ধ বাতাসের মধ্যে সম্পর্ক তুলে ধরার লক্ষ্যে ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ অফিস মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‌‘সড়কসাথী’ কর্মশালা প্রকল্প।

Advertisement

এই প্রকল্পের উদ্বোধনী আয়োজনে ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অ্যাকুমেন হ্যাভেনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের স্বেচ্ছাসেবী অভিজিৎ সাহাসহ সাফাত করিম, তাহমিদ, আওয়াসিক, সাইফুল।

যে কোনো বড় অর্জনের শুরু হয় ছোট একটি পদক্ষেপ থেকে। অনেকটা তেমনই ছিল ‘সড়ক সাথী’র একটি সুদূরপ্রসারী উদ্যোগ। ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী মনজুর করিম মিতুলের উদ্বোধনী বক্তব্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

টিপিএফবির সভাপতি মেজর (অব:) শোয়েব আমান, ওয়েব পরিচালক গাউস পিয়ারী ও ঢাকা আইডিয়াল ক্যাডেট কলেজের শিক্ষকদের উপস্থিতিতে শিশু-কিশোরদের উপযোগী করে কর্মশালার অডিও-ভিজুয়াল এনিমেশন কন্টেন্ট সমুহ প্রেজেন্ট করা হয়, যা অংশগ্রহণকারীদের মনে উদ্দীপনা ও গভীর এক ইতিবাচক প্রভাব ফেলবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

কর্মশালাটি সঞ্চালনা করেন ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ’ এর পক্ষে প্রমা সাহা।

জলবায়ু ও নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতা কর্মশালাটিতে শিক্ষার্থীদের দৈনন্দিন আবহাওয়া এবং দীর্ঘমেয়াদি জলবায়ুর মধ্যকার পার্থক্য সহজভাবে বোঝানো হয়।

অতিরিক্ত গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির কারণে কীভাবে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে এবং পৃথিবী অসুস্থ হয়ে পড়ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ট্রাফিক নিয়ম মেনে চলার মাধ্যমে কীভাবে পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলা যায়, তা তুলে ধরে শেখানো হয়। সুশৃঙ্খল ট্রাফিক ব্যবস্থা যানজট কমায়, ফলে গাড়ির ইঞ্জিন কম চলায় জ্বালানি সাশ্রয় হয় এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ ব্যবহার এবং ট্রাফিক সিগন্যাল মেনে চলা অত্যন্ত জরুরি। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে গাড়ির বদলে হাঁটা বা সাইকেল ব্যবহার করলে কার্বন ফুটপ্রিন্ট শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। রাস্তায় ময়লা, চিপস/বিস্কিটের প্যাকেট না ফেলে ডাস্টবিনে ফেললে পরিবেশ পরিচ্ছন্ন থাকে।

কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ: কর্মশালা চলাকালীন শিক্ষার্থীদের মেধা ও সচেতনতা যাচাইয়ের জন্য বিভিন্ন ধাপে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্বতঃস্ফূর্ত এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পাঁচটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়, যা তাদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

Advertisement

সড়ক নিরাপত্তা ও পরিবেশবিষয়ক এই ব্যতিক্রমী আয়োজনে অ্যাকুমেন হ্যাভেনের সহযোগী হিসেবে যুক্ত ছিল ট্রান্সপোর্ট প্রফেশনালস ফাউন্ডেশন বাংলাদেশ, টিইসি এবং ও.ক্রিডস লিমিটেড।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রশ্নোত্তর পর্ব এবং ট্রাফিক নিয়মের ওপর একটি ব্যবহারিক আলোচনার মাধ্যমে সমগ্র সড়কসাথী প্রজেক্টের এই উদ্বোধনী কর্মশালাটির সফল সমাপ্তি ঘটে। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে ট্রাফিক আইন মেনে চলার মতো ছোট ছোট পদক্ষেপের গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করতে সক্ষম হয়।

এমআরএম