মাদক সংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শেরপুর জেলা কারাগারের সাময়িক বরখাস্ত কারারক্ষী মো. মোক্তার হোসাইনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি শেরপুর জেলা কারাগারের কারা হাসপাতালের পেছনে ডিউটি এলাকায় সবজি বাগানে তল্লাশি চালিয়ে ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে কারারক্ষী মোক্তার হোসাইনের ব্যারাকের নিজস্ব বেড ও ট্রাংক তল্লাশি করে আরও ৮ পুরিয়া গাঁজা পাওয়া যায়।
এ ঘটনায় মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং ফৌজদারি মামলায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানায় তিনি কারাগারে প্রেরিত হন এবং ২১ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান।
Advertisement
পরে অভিযোগ পর্যালোচনা করে কর্তৃপক্ষ জানায়, শিক্ষানবিশকালীন তার আচরণ সন্তোষজনক নয়। নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তার চাকরিকাল দুই বছর পূর্ণ না হওয়ায় তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে গৃহীত পদক্ষেপ দ্রুত সময়ের মধ্যে কারা অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
টিটি/এএমএ
Advertisement