অর্থনীতি

মন্ত্রিসভায় উঠছে বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা সংশোধন প্রস্তাব

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইনে সংশোধন এনে বিএসইসির চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা পরিবর্তন করা হচ্ছে।

Advertisement

এ সংক্রান্ত একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থান করা হবে। রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বৈঠকে বিএসইসর চেয়ারম্যানের বয়স সংশোধনের পাশাপাশি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানের বয়সসীমা সংশোধন সংক্রান্ত প্রস্তাবও উপস্থান করা কথা রয়েছে।

সূত্রটি জানিয়েছে, বর্তমানে বলবত থাকা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ৬৫ বছর। অর্থাৎ ৬৫ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি বিএসইসির চেয়ারম্যান হওয়ার বা পদে থাকার যোগ্য হবেন না। অপরদিকে আইডিআরএ’র চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমা নির্বধারণ করা আছে ৬৭ বছর।

দুটি আইনে পরিবর্তন এনে বিএসইসি ও আইডিআরএ’র চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমা তুলে দেওয়ার প্রস্তাব উপস্থান করা হবে মন্ত্রিসভার বৈঠকে। অর্থাৎ বিএসইসি ও আইডিআরএ’র চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমার কোনো বার থাকবে না। একইভাবে বিএসইসি’র কমিশনার এবং আইডিআরএ’র সদস্যদের সর্বোচ্চ বয়স সীমার বার তুলে দেওয়ার প্রস্তাব উপস্থান করা হবে। তবে এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

Advertisement

সূত্রটি জানিয়েছে, এই সংশোধনী আনতে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করা হয়েছে। তাতে দেখা গেছে, অনেক দেশেই পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এবং বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণ করা নেই। তবে ভারত, পাকিস্তান, থানল্যান্ডসহ কযেকটি দেশে সর্বোচ্চ বয়স সীমা নির্ধার করা আছে। এক্ষেত্রে ভারতে সর্বোচ্চ ৬২ বছর, পাকিস্তানে ৬৫ বছর এবং থাইল্যান্ডে ৭০ বছর নির্ধারণ করা হয়েছে।  

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ মন্ত্রিসভার বৈঠকে চেয়ারম্যানের বয়স সংশোধন সংক্রান্ত আইনের ধারা অনুমোদ পেলে দ্রুত বাকি কার্যক্রম সম্পন্ন করা হবে। সেক্ষেত্রে চলতি সংসদ অধিবেশনেই এটি পাশ হতে পারে। আইন সংশোধন হলে দ্রুত বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে দিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। সেই সঙ্গে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ-তে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। বর্তমানে আইডিআরএ একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে চলছে।

অর্থ মন্ত্রণালয় এক কর্মকর্তা বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করার জন্য কিছু কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তাছাড়া স্টেকহোল্ডার এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকেও বিএসইসি’র চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে। সবদিক বিবেচনা করেই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইন সংশোধনের পর দ্রুতই বিএসইসির বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে বিএসইসি ও আইডিআরএ’র চেয়ারম্যানের বয়স সংশোধন সংক্রান্ত প্রস্তাব উপস্থান করা হবে। মন্ত্রিসভায় যে সিদ্ধান্ত আসবে, তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

তিনি আরও বলেন, বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যানের বয়স সীমা কেমন নির্ধারণ করা হবে, সেই সিদ্ধান্ত মন্ত্রিসভায় হবে। তবে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রস্তাব উপস্থান করা হবে। সেখানে বিভিন্ন দেশের আইনে কি আছে, তার একটি সারসংক্ষেপ তুলে ধরা হবে। সেই সঙ্গে সর্বোচ্চ বয়স সীমা তুলে দেওয়ার সুপারিশ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর এক কর্মকর্তা জানান, প্রথমদিকে সর্বোচ্চ বয়স সীমা ৬০ করার পরিকল্পনা করা হয়েছিলো। তবে বিভিন্ন দেশের আইন এবং অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা পর্যালোচনা করে সর্বোচ্চ বয়স সীমা তুলে দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হবে, তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এমএএস/এমএএইচ/