সংস্কার কাজের জন্য ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতু টানা ১০ ঘণ্টা বন্ধ থাকবে। এ সময়ে শায়েস্তাগঞ্জ-মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেট রুট ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ বিভাগ।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৮টা পর্যন্ত এ সংস্কার কাজ চলবে। এছাড়া সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১১টা এবং শনিবার সকাল ৯টা থেকে পরদিন রোববার সকাল ৮টা পর্যন্ত যানবাহন একলেনে চলাচল করবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ১৯৯০ সালে নির্মিত মৌলভীবাজার অংশের শেরপুর সেতুর ক্ষতিগ্রস্ত ডেকস্লাব মেরামতের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। মূল সংস্কারকাজ হবে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত। এ সময়ে সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।
Advertisement
সড়ক ও জনপথ বিভাগ, সংস্কার কাজ চলাকালে এবং আগে ও পরের দিন যানজট এড়াতে যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। বিকল্প সড়কটি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর হয়ে শ্রীমঙ্গল-মৌলভীবাজার-রাজনগর-ফেঞ্চুগঞ্জ হয়ে সিলেটে পৌঁছেছে।
এছাড়া, ঢাকা-সিলেট-সুনামগঞ্জ রুটের সৈয়দপুর (নবীগঞ্জ)-শেরপুর-সিলেট-সুনামগঞ্জ অংশের বিকল্প রুট হিসেবে সৈয়দপুরবাজার-রানীগঞ্জ-জগন্নাথপুর হয়ে সুনামগঞ্জ যাতায়াত করা যাবে।
সড়ক ও জনপথ বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, সেতুতে যান চলাচল বন্ধ রেখে সংস্কার কাজ করা হবে। বিষয়টি ইতোমধ্যে প্রচার করা হয়েছে এবং পরিবহন মালিক সমিতিও বিকল্প পথে চলাচলের প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, মূলত সংস্কার কাজের জন্য টানা ১০ ঘণ্টা শেরপুর সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পরবর্তী সময়ে যানচলাচল কিছুটা সীমিত থাকবে অর্থাৎ একলেনে চলাচল করা যাবে।
Advertisement
আহমেদ জামিল/এএইচ/জেআইএম