ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল, বিজয় একাত্তর হল এবং শাহবাগ থানায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) সংগঠনটির ঢাবি শাখার সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মনসুরুল হক শান্তর সই করা এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, অগ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।
আরও পড়ুনশাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল থানার ভেতরে ঢাবির ১০ সাংবাদিককে পেটালো ছাত্রদল
Advertisement
এতে আরও বলা হয়, কোনো মতবিরোধ বা রাজনৈতিক বিরোধের সমাধান সহিংসতার মাধ্যমে হতে পারে না। বরং তা সংলাপ, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হওয়া উচিত। এ অবস্থায় দুটি বড় ছাত্র সংগঠনের বিরোধের মধ্যে দায়িত্বশীল ভূমিকা রাখার পরিবর্তে সাংবাদিকদের ওপর হামলা চালানো সত্য প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
সংগঠনটি অবিলম্বে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করেছে। পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চার একটি পবিত্র স্থান, যেখানে সহিংসতার কোনো জায়গা নেই। অতীতের সহিংসতার কালো অধ্যায় পেছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করে সব ছাত্র সংগঠনকে দায়িত্বশীল আচরণ এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান হয়।
এফএআর/কেএসআর
Advertisement