সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার আর বি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দগাঁও থানা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশ আজ এক সংকটময় সময় পার করছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক পরিচয়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিয়েই জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা গণতান্ত্রিক হতে পারে না। গণভোটের মাধ্যমে প্রকাশ পাওয়া জনমতের প্রতি সম্মান দেখিয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
Advertisement
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় চাপ সৃষ্টি করেছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপত্তা ও ন্যায়বিচার চায়। একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সংগঠনের কর্মীদের আদর্শিকভাবে আরও সুসংগঠিত হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তৃণমূল পর্যায়ে কাজ জোরদার করতে হবে।
চান্দগাঁও থানা আমির ও মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. ইসমাইলের সভাপতিত্বে ও থানা সহকারী সেক্রেটারি মো. আজাদ চৌধুরী ও মো. ওমর গনির উপস্থাপনায় চান্দগাঁও থানার কর্মী সম্মেলন স্থানীয় বহদ্দারহাট আরবি কনভেনশন হলে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হয়।
Advertisement
এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, ফয়সাল মো. ইউনুছ, মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত চসিক মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী, ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসমাইল হোসেন সিরাজী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রইছুর রহমান চৌধুরী তিতু, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন সরকার, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নুরুল হোসেন, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনিসুর রহমান চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা একটি সন্ত্রাসমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এমআরএএইচ/এএমএ