বিশ্বের বিভিন্ন পারমাণবিক স্থাপনার ওপর হামলার আশঙ্কা বাড়ছে। এতে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা হুমকিও ক্রমেই বাড়ছে। দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবস্থিত রুশ পারমাণবিক কেন্দ্র জাপোরঝিয়া এবং ইরানের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে বিশেষ ভাবে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া।
Advertisement
শুক্রবার (২৪ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা তাস।
মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সরাসরি হামলার হুমকি বৃদ্ধি পাচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
তিনি বলেন, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব দায়িত্ব সবচেয়ে বেশি। প্রতিটি দেশকে তাদের নিজস্ব ব্যবস্থাপনা ও নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে হবে।
Advertisement
এ প্রসঙ্গে তিনি ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)-এর ভূমিকার কথাও উল্লেখ করেন। জাখারোভা বলেন, সংস্থাটির উচিত আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া। তবে পারমাণবিক স্থাপনার সরাসরি নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশেরই দায়িত্ব।
তিনি আরও সতর্ক করে বলেন, পারমাণবিক স্থাপনা সংক্রান্ত সংবেদনশীল তথ্য গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সন্ত্রাসী বা অপরাধী গোষ্ঠীগুলো এসব তথ্য ব্যবহার করে ক্ষতিকর কর্মকাণ্ড চালাতে পারে।
রাশিয়ার মতে, পারমাণবিক নিরাপত্তা জোরদার করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি প্রতিটি দেশকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
কেএম
Advertisement