জাতীয়

যে কোনো মূল্যে ধানমন্ডি লেকের পরিবেশ সংরক্ষণ করা হবে: ডিএসসিসি প্রশাসক

যে কোনো মূল্যে রাজধানীর ধানমন্ডি লেকের পরিবেশ ও ভারসাম্য সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

Advertisement

শনিবার (২৫ এপ্রিল) লেকে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনাকালে তিনি এ কথা বলেন। অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের মোট ৬০০ কর্মী অংশ নেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, লেকের যতটুকু জায়গা ইজারা দেওয়া হয়েছে, ব্যবসায়ীদের ঠিক ততটুকু সীমানার মধ্যেই ব্যবসা পরিচালনা করতে হবে। ইজারার শর্ত ভঙ্গ বা সীমানা লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে ইজারা বাতিল করা হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি ডিএসসিসির সাম্প্রতিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ধানমন্ডি লেক ঘিরে লাইব্রেরি, জিমনেসিয়াম ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এই এলাকার ফুসফুস খ্যাত লেকটি রক্ষা করবে ডিএসসিসি।

Advertisement

নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসি আগের তুলনায় দৃশ্যমান উন্নতি করেছে জানিয়ে মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান প্রশাসকের কঠোর তৎপরতার কারণেই মশা নিয়ন্ত্রণ ও সার্বিক কার্যক্রম গতিশীল হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মূল অভিযানের আগে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। এতে ধানমন্ডি সোসাইটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এমএমএ/একিউএফ

Advertisement