ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার সাকিলা ফারজানার বার্ষিক আয় ১৪ লাখ টাকার বেশি। তবে তিনি ব্যবহার করেন প্রায় ৮৬ লাখ টাকা দামের একটি জিপ। এই গাড়িসহ তার মোট সম্পদ রয়েছে এক কোটি ৮২ লাখ টাকার অধিক।
Advertisement
গত ২১ এপ্রিল নির্বাচন কমিশনে (ইসি) সাকিলা ফারজানার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
সাকিলা ফারজানা বিএনপির প্রয়াত সংসদ সদস্য ওয়াহিদুল আলমের মেয়ে। বিবাহিত জীবনে তিনি দুই ছেলে সন্তানের মা। তিনি জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ সংসদ সদস্য প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এবার সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী হিসেবে চট্টগ্রাম জেলার একমাত্র নেত্রী হিসেবে দলের মনোনয়ন পেয়েছেন তিনি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী গত ২২ ও ২৩ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষিত হন এই প্রার্থী। ২৯ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। আর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে ১২ মে। সাধারণত, রাজনৈতিক দলগুলো তাদের জন্য সংরক্ষিত আসনের বিপরীতে সমানসংখ্যক প্রার্থী মনোনয়ন দেওয়ায় প্রত্যাহারের শেষ দিনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হন।
Advertisement
হলফনামায় নিজের পেশা হিসেবে আইন পেশা উল্লেখ করেছেন ব্যারিস্টার সাকিলা। হলফনামায় দেখা গেছে, তার বার্ষিক আয় সাকুল্যে ১৪ লাখ ২৫ হাজার ৪০ টাকা। আয়ের পুরোটাই আসে আইন পেশা থেকে।
স্থাবর-অস্থাবর সম্পদবিএনপির এ প্রার্থী নিজের নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে এক কোটি ৮২ লাখ ৩৯ হাজার ৫৭৪ টাকা সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর সম্পদ হিসেবে পাঁচ লাখ চার হাজার ৯১৭ টাকা হাতে নগদ, তিন লাখ ৫০ হাজার সাত টাকা ব্যাংকে জমা, ৮৫ লাখ ৮৯ হাজার ৬১০ টাকা দামের একটি জিপ গাড়ি, ৫৫ ভরি স্বর্ণালংকার, ৭০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও তিন লাখ টাকার আসবাব রয়েছে। পাশাপাশি বর্তমান বাজারমূল্যে ৭০ লাখ টাকার একটি ফ্ল্যাট রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
আয়ে বহুগুণ এগিয়ে স্বামীসাকিলা ফারজানার ব্যবসায়ী স্বামী মো. বাহাউদ্দীনের বার্ষিক আয় দুই কোটি ৮৬ লাখ ৪৬ হাজার ৮৩ টাকা। এর মধ্যে বাড়ি ও ফ্ল্যাটের ভাড়া থেকে চার লাখ এক হাজার ৯২৪ টাকা, ব্যবসা থেকে দুই কোটি ৬৭ লাখ ১৮ হাজার ৩১৩ টাকা, শেয়ার বন্ড থেকে ১০ লাখ ৩৬ হাজার ১৯৯ টাকা এবং অংশীদারি ফার্ম থেকে চার লাখ ৮৯ হাজার ৬৪৭ টাকা আয় দেখানো হয়েছে।
সম্পদের তালিকাও লম্বাবাহাউদ্দীনের স্থাবর-অস্থাবর মিলিয়ে ১০ কোটি ৮৫ লাখ ৬৮ হাজার ৪৭ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে অস্থাবর সম্পদ হিসেবে দুই লাখ ৮৪ হাজার ৭০৬ টাকা হাতে নগদ, ৩১ লাখ ৪১ হাজার ৪৩ টাকা ব্যাংকে জমা (ডিপিএসসহ), দুই কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৯৮৩ টাকার বন্ড, শেয়ার ও ঋণপত্র, ১১ লাখ ৭৩ হাজার ৬২৬ টাকার এফডিআর, ৩৯ লাখ এক হাজার ৬৮১ টাকা দামের একটি প্রাইভেট কার এবং তিন লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।
Advertisement
পাশাপাশি তার বর্তমান বাজারমূল্যে সাত কোটি টাকার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে। এসব সম্পদের অর্জনকালীন মূল্য ছিলে দুই কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৭৫০ টাকা। এর মধ্যে ২১ লাখ ৭১ হাজার ৬৫০ টাকার কৃষিজমি, ২৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকার অকৃষি জমি এবং চট্টগ্রামের রহমতগঞ্জ ও ঢাকার বসুন্ধরা সিটিতে দুটি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাট দুটির আনুমানিক মূল্য দেখানো হয়েছে এক কোটি ৯০ রাখ ৪৩ হাজার টাকা।
সাকিলা ফারজানা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চট্টগ্রাম সিটির আংশিক) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। কিন্তু এ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বিএনপির মনোনয়ন পেয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
এমডিআইএইচ/একিউএফ