জাতীয়

জামায়াতের প্রার্থী সাবিকুন্নাহারের সম্পদ ১ কোটির বেশি, বছরে আয় ১৬ লাখ

সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে ৪ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১১৯ টাকার সম্পদ দেখিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী দম্পতি। সাবিকুন্নাহারের সম্পদের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা এবং তার স্বামীর সম্পদের পরিমাণ ২ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা।

Advertisement

জাতীয় নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় এমন তথ্য পাওয়া গেছে।

সাবিকান্নাহার মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা সাবিকুন্নাহারের হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, মুন্নীর বছরে আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা দেখালেও তার কাছে নগদ আছে ১ লাখ টাকা।

Advertisement

হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের ১৩ ভরি সোনার গহনা আছে। একটি প্রাইভেটকার আছে, যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা। এই সম্পদের বর্তমান আনুমানিক মূল্য দেখিয়েছেন ৮৯ লাখ ৬০ হাজার টাকা।

হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহারের কোটি টাকার বেশি স্থাবর সম্পদ রয়েছে। এর মধ্যে রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি আছে। আর নিজ প্লটে ভবন নির্মাণ বাবদ ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার সম্পত্তি আছে।

স্থাবর সম্পদের ক্ষেত্রে তিনি অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে বলে হলফনামায় উল্লেখ করেন।

হলফনামায় দেখা গেছে, সাবিকুন্নাহারের স্বামীও উল্লেখযোগ্য সম্পদের মালিক। তার নামে থাকা অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ২৯৫ টাকা, যা বর্তমানে ২ কোটি ৪৯ লাখ ৯২ হাজার ১৩০ টাকা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

Advertisement

এছাড়া তার স্বামীর নামে থাকা স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬১ লাখ ৯ হাজার ৪৩৪ টাকা হলেও বর্তমান আনুমানিক মূল্য দেখানো হয়েছে ১৬ কোটি টাকা।

এমওএস/এমআইএইচএস