দেশজুড়ে

খেলার মাঠে গরুর বাছুর ঢোকা নিয়ে মারামারি, একদিন পর কিশোরের মৃত্যু

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারির ঘটনায় আহত এক কিশোরের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এর আগে (২৫ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হযরত আলী (১৭) হরিনবাড়ীয়া গ্রামের ইদ্রিস খলিফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে তালতলীর বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদরাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু তরুণ ফুটবল খেলছিল। এসময় খেলার মাঠে একটি গরুর বাছুর প্রবেশ করলে মুছা নামে একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয় মৃত হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। তবে ঘটনার পরপরই অভিযুক্ত মুছার বড় ভাই হযরত আলীর সঙ্গে বিষয়টির মীমাংসা করে দেন।

Advertisement

পরবর্তীতে রোববার সকালে হযরত আলীর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ফুটবল খেলার মাঠে গরুর বাছুর প্রবেশকে কেন্দ্র করে মারামারি ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় হযরত আলী নামে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় কোনো লিখতে অভিযোগ জানায়নি। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য আগামীকাল বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নুরুল আহাদ অনিক/কেএইচকে/এমএস

Advertisement