জাতীয়

খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী

বিরোধীদলকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, খাল কেটে কুমির আনবেন না। এমন কাজ করবেন না, যাতে বাংলাদেশে আবার সেই ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

Advertisement

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতার কয়েক লাইন উদ্ধৃতি করে বিগত আওয়ামী লীগ সরকারের বিষয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, কাঙালের ধন চুরি করতে করতে এমন পর্যায়ে তারা চলে গিয়েছিল, তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছিল। গোটা সংসদ, তথাকথিত মন্ত্রিপরিষদ এমনকি প্রশাসনের কিছু লোক নিয়ে... আঞ্চলিক ভাষায় বলতে হয় ‘তারা ভাগছে, দেশ থেকে পালায় গেছে’। এমন পরিণত যাতে আমাদের না হয়। এ সময় বিরোধীদলের সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান।

বিরোধীদলকেও সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সেদিকে আপনাদেরও খেয়াল রাখতে হবে। আপনারা তালি দিচ্ছেন, কথাটা শেষ করতে হবে। আপনাদেরও পরিণতি এরকম না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

Advertisement

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সই করা জুলাই জাতীয় সনদ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। যে জুলাই সনদে বিএনপি সই করেছিল তা বাস্তবায়ন হবে। এর মধ্যে কোনো ‘ইফস’ বা ‘বাটস’ নেই।

আরও পড়ুন১৮ মাস আরামে ছিলেন, সেটা এখন হচ্ছে না: বিরোধীদলকে নৌ প্রতিমন্ত্রীআবার ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

প্রতিমন্ত্রী বলেন, কিন্তু যদি জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর অপচেষ্টা করা হয়, তা হবে আত্মঘাতী। আওয়ামী লীগ যেভাবে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি মনে করেছিল, কেউ যদি মনে করে জুলাই সনদ নিজেদের সম্পত্তি, সেটি হবে ভুল এবং আত্মঘাতী। বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আরও বলেন, আপনারা মুখে বলেন একসঙ্গে কাজ করার কথা। কিন্তু মুখে মধু অন্তরে বিষ রেখে লাভ হবে না। আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

Advertisement

দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা যদি একত্রে কাজ না করি, তাহলে খাল কেটে কুমির আনা হবে। তাই তাদের (বিরোধীদল) আহ্বান জানাতে চাই, আমরা যেন বিরোধিতার জন্য বিরোধিতা না করি।

সংসদে বিতর্ক করার জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তবে সেখানে আমরা যেন কোনো ন্যারেটিভ তৈরি না করি। যেখানে, বিএনপি বা আপনাদের জোটে যে দলগুলো আছে যারা জুলাই সনদ নিয়ে বিতর্ক সৃষ্টি করছে।

জুলাই শহীদের সংখ্যা নিয়ে বিতর্কের বিষয়ে তিনি বলেন, একাত্তরের ৩০ লাখ, ৩ লাখ নিয়ে এখনো বিতর্ক হচ্ছে। আমরা জুলাই নিয়ে বিতর্ক করতে চাই না। ৫০ বছর, ১০০ বছর পর জুলাই নিয়ে কোনো বিতর্ক রেখে যেতে চাই না।

এমওএস/বিএ