ভোরের আলো ফোটার আগেই যে জায়গাটি জেগে ওঠে মানুষের পদচারণায়, দিনের শেষে ক্লান্তির মধ্যেও থেমে থাকে না এক মুহূর্তের জন্য। যেখানে নদী শুধু নদী নয়, জীবনযাত্রার এক অদৃশ্য স্রোত, যার সঙ্গে মিশে আছে হাজারো মানুষের স্বপ্ন, সংগ্রাম আর বেঁচে থাকার গল্প।
Advertisement
ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা সেই জায়গাটি হচ্ছে সদরঘাট। নদীর ঢেউয়ের মৃদু শব্দ, লঞ্চের সাইরেন, যাত্রীদের ছুটে চলা আর হকারদের ডাক-সব মিলিয়ে সদরঘাট যেন এক অবিরাম চলমান জীবনের প্রতিচ্ছবি। এখানে সময় থেমে থাকে না বরং প্রতিটি মুহূর্ত নতুন গল্প রচনা করে।
বুড়িগঙ্গার কালো পানিতে ভেসে আসে দেশের দক্ষিণাঞ্চলের নানা প্রান্ত থেকে লঞ্চ ও জাহাজ। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে যাত্রী আর পণ্য নিয়ে আসা নৌযানগুলো শুধু পরিবহন মাধ্যম নয় বরং হাজারো মানুষের জীবিকার সেতুবন্ধন। রাতভর যাত্রা শেষে যখন নৌযানগুলো ঘাটে ভিড়ে, তখনই শুরু হয় এক নতুন দিনের কর্মযজ্ঞ। কুলি, মাঝি, শ্রমিক- সবাই যেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নেমে পড়ে কাজে। কেউ পণ্য নামাচ্ছে, কেউ মাথায় বোঝা তুলে নিচ্ছে, কেউ ট্রলিতে ভরছে, কেউ আবার দরদাম ঠিক করছে।
নৌঘাটকে ঘিরে গড়ে ওঠা ব্যবসায়িক পরিবেশ এই এলাকার প্রাণশক্তি। পান, সুপারি, ফলমূল, পেঁয়াজ, রসুন-সহ নানা ধরনের মসলা জাতীয় পণ্যের পাইকারি বাজার এখানে এক বিশাল বাণিজ্যিক কেন্দ্র তৈরি করেছে। প্রতিদিন হাজার হাজার মণ পণ্য এখানে কেনাবেচা হয়। দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা ভিড় জমান। কেউ বড় বড় বস্তা কাঁধে তুলে নিচ্ছেন, কেউ দরদাম করছেন, কেউ আবার চায়ের কাপে চুমুক দিয়ে হিসাব মিলিয়ে নিচ্ছেন। ব্যবসায়ীরা ভোর থেকেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর ক্রেতারা খুঁজেন সেরা দামে ভালো পণ্য। এই বাজার ঢাকার চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে পণ্য সরবরাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Advertisement
শুধু তাই নয় সদরঘাট এলাকার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের কোনো স্থায়ী দোকান নেই, নেই বড় পুঁজি। কিন্তু আছে বাঁচার তাগিদ। কেউ বিক্রি করছেন চা, কেউ ফল বিক্রি করছেন, কেউ পান-সিগারেট, কেউবা ঠেলাগাড়িতে করে ভাজাপোড়া, কেউবা সস্তা খেলনা বা প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র। তাদের অনেকেই গ্রাম থেকে শহরে এসেছেন জীবিকার সন্ধানে। দিনের পর দিন কঠোর পরিশ্রম করে তারা পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন। ঘাট এলাকার ভিড়ই তাদের মূল ভরসা। প্রতিদিনের আয়ের ওপর নির্ভর করে তাদের সংসার চলে। তবে কোনোদিন ভিড় কম হলে এসব ব্যবসায়ীদের মুখে চিন্তার ছাপ দেখা মিলে।
ঘাটকে ঘিরে শুধু পণ্য বেচাকেনাই নয়, গড়ে উঠেছে খাবারের ছোট ছোট চায়ের দোকান ও হোটেল। দিনরাত খোলা থাকে অনেক দোকান। ভোরবেলা গরম চা আর পরোটা-ডাল, দুপুরে ভাত-মাছ কিংবা মাংস, আর রাতে হালকা খাবার সবই পাওয়া যায় সহজেই। দূরপাল্লার যাত্রা শেষে ক্লান্ত যাত্রী ও ব্যবসায়র সঙ্গে যুক্ত থাকার ব্যক্তিদের এসব দোকান যেন সাময়িক আশ্রয়। এখানে বসে কেউ পেট ভরে খান, কেউ শুধু এক কাপ চা আর বিস্কুটে সেরে নেয় ক্ষুধা।
দিনের শেষে সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ে, তখনও সদরঘাটের ব্যস্ততা কমে না। বরং রাত নামার সঙ্গে সঙ্গে আবার নতুন করে শুরু হয় যাত্রা, নতুন করে জেগে ওঠে এই ঘাট। এ যেন এক অনন্ত চক্র যেখানে থেমে থাকার কোনো সুযোগ নেই। দিন-রাত সবসময়ই যেন একই ছন্দে চলতে থাকে।
তবে এই কর্মচাঞ্চল্যের আড়ালে কিছু বাস্তব সমস্যাও রয়েছে। অতিরিক্ত ভিড়, অপর্যাপ্ত অবকাঠামো, পরিবেশ দূষণ এবং নিরাপত্তাজনিত ঝুঁকি প্রায়ই এখানে চোখে পড়ে। নদীর পানি দূষিত হচ্ছে, আবর্জনার স্তূপ জমছে আর অসংখ্য মানুষের চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে পুরো এলাকা। তবুও এসব সমস্যার মাঝেই মানুষ থেমে নেই; বরং প্রতিদিন নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন।
Advertisement
সদরঘাট শুধু একটি জায়গা নয় এটি হাজারো মানুষের জীবিকার কেন্দ্র, তাদের বেঁচে থাকার লড়াইয়ের মঞ্চ। ঘাট এলাকার প্রতিটি কোণ যেন গল্প বলে। কোনো এক কুলির ঘামে ভেজা শার্টে লুকিয়ে থাকে তার পরিবারের স্বপ্ন, কোনো এক দোকানদারের হাসির আড়ালে থাকে দিনের হিসাব মেলানোর চিন্তা। আবার কোনো যাত্রীর চোখে দেখা যায় নতুন পথচলার উত্তেজনা কিংবা বিদায়ের বেদনা।
এই ঘাটে দাঁড়িয়ে বোঝা যায়, শহরের প্রাণস্পন্দন কেবল উঁচু দালান বা ঝকঝকে সড়কে নয়, বরং এমনই কোনো ব্যস্ত জনপথে লুকিয়ে থাকে। সদরঘাট যেন এক প্রতিচ্ছবি-বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি আর মানুষের জীবনের। এখানে যেমন আছে কষ্ট, তেমনি আছে আশার আলো। প্রতিটি দিন নতুন করে শুরু হয়, নতুন চ্যালেঞ্জ নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে। এই ঘাট শুধু পণ্য আর যাত্রী বহন করে না, এটি বহন করে মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম আর ভালোবাসা।
আরও পড়ুনভোঁদড় কি ফিরবে? খোকার নাচন দেখবে?চাকরির পাশাপাশি সাইক্লিং-ম্যারাথনে অনন্য সাফল্য মামুনের
কেএসকে