ওয়েব ফিল্ম ‘চা গরম’ এ ডাক্তার আইরিন চরিত্রে অভিনয় করে ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন সাফা কবির। অভিনয়ের বাইরে সম্প্রতি তিনি নিজের কিছু নতুন লুকের ছবি শেয়ার করেছেন, যেখানে প্রকৃতির স্নিগ্ধ সবুজের মাঝে তাকে দেখা গেছে ভিন্ন ভিন্ন আবহে।
Advertisement
এই ফটোশুটে সাফা কবিরকে দেখা যায় সাদা অরগাঞ্জা শাড়িতে একেবারে সতেজ ও স্বপ্নিল রূপে। শাড়িটির জমিনে হাতে আঁকা সবুজ ফ্লোরাল ডিজাইন, যার সঙ্গে মিলেমিশে আছে হলুদ-সাদা ফুলের নকশা সব মিলিয়ে তৈরি হয়েছে এক নরম, প্রশান্তিময় সৌন্দর্য।
সাদার ওপর সবুজের ছোঁয়া যেন তার উপস্থিতিকে আরও উজ্জ্বল করে তুলেছে।
এই লুকের আরেকটি বিশেষ দিক হলো শাড়ির সঙ্গে মানানসই হল্টারনেক স্লিভলেস ব্লাউজ, যা পুরো স্টাইলকে দিয়েছে আধুনিকতার ছোঁয়া।
Advertisement
গয়নায় তিনি বেছে নিয়েছেন গোল্ড ফিনিশের কুন্দন-স্টাইল ঝুমকা, যার সঙ্গে ঝুলন্ত সবুজ বিডস লুকটিকে করেছে আরও আকর্ষণীয়। হাতে সবুজ-সাদা কাঁচের চুড়ি তার সাজকে দিয়েছে এক ধরনের ঐতিহ্যবাহী পরিপূর্ণতা।
মেকআপে বরাবরের মতোই তিনি রেখেছেন স্নিগ্ধতা। আইলাইনার, ন্যুড লিপস্টিক এবং হালকা গোলাপি ব্লাশে ফুটে উঠেছে তার স্বাভাবিক সৌন্দর্য। চুল মাঝখান দিয়ে সিঁথি করে সফট কার্লে খোলা রাখা, যা পুরো লুককে করেছে কোমল ও প্রাণবন্ত।
লোকেশনেও ছিল বৈচিত্র্য। কখনো রঙিন বাগানবিলাসের পটভূমি, আবার কখনো শান্ত পদ্মপুকুরের জলে ভাসমান ডিঙি নৌকায় তার উপস্থিতি সব মিলিয়ে তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। পায়ে সবুজ জুত্তি এই প্রাকৃতিক রঙের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে।
শাড়িটির আঁচলে বড় করে লেখা ‘চা গরম’; যা শুধু একটি পোশাক নয়, বরং তার অভিনীত চরিত্রের সঙ্গেও তৈরি করেছে একটি ভিজ্যুয়াল সংযোগ।
Advertisement
সবুজ শাড়ি আর চারপাশের পদ্মপাতার রঙ এক হয়ে যেন তাকে এনে দিয়েছে এক রূপকথার আবহ।
এই চমৎকার ফ্রেমগুলো ধারণ করেছেন আলোকচিত্রী পূর্ন দাশ, যিনি প্রকৃতি ও স্টাইল দুটোকেই দারুণভাবে একত্রে তুলে ধরেছেন তার ক্যামেরায়।
জেএস/