আন্তর্জাতিক

‘আমরা এমপি বানিয়েছি বলেই বিয়ে করতে পেরেছেন’

ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডার দলবদলকে কেন্দ্র করে। আম আদমি পার্টি (এএপি) ছেড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর দলটির নেতাদের সঙ্গে তার বাকযুদ্ধ শুরু হয়েছে।

Advertisement

চাড্ডা আরও ছয়জন এমপিকে সঙ্গে নিয়ে সম্প্রতি এএপি ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওতে তিনি দাবি করেন, এএপির অভ্যন্তরীণ পরিবেশ একটি ‘বিষাক্ত কর্মক্ষেত্র’র মতো।

এর জবাবে দলটির দিল্লি ইউনিটের প্রধান সৌরভ ভরদ্বাজ পাল্টা আক্রমণ করে বলেন, ‘কোনো কর্মচারী কোনো কোম্পানি ছেড়ে গেলে তিনি তিন মাসের নোটিশ পিরিয়ড পালন করেন, যাতে সেই কোম্পানি থেকে যা শিখেছেন তা সঠিকভাবে হস্তান্তর করা যায়।’

তিনি আরও অভিযোগ করেন, চাড্ডা বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। ব্যক্তিগত আক্রমণ করে ভরদ্বাজ বলেন, অভিনেত্রী পারিণীতা চোপড়ার সঙ্গে চাড্ডার বিয়েও সম্ভব হয়েছে এএপির কারণেই।

Advertisement

সৌরভ বলেন, ‘আজ আপনি বিয়ে করতে পেরেছেন, কারণ দল আপনাকে সংসদ সদস্য বানিয়েছে। নইলে কেউ আপনাকে জিজ্ঞেসও করত না।’

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে উদয়পুরের তাজ লেক প্লেসে জমকালো আয়োজনে বিয়ে করেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

এদিকে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে চাড্ডা বলেন, তিনি রাজনীতিতে ক্যারিয়ার গড়ার জন্য আসেননি। গত ১৫ বছর তিনি একটি দলের জন্য কাজ করেছেন, কিন্তু এখন সেখানে সংসদে কথা বলা ও কাজ করার ক্ষেত্রেও বাধা দেওয়া হচ্ছে। তার দাবি, দলটি এখন ‘দুর্নীতিগ্রস্তদের হাতে’ চলে গেছে।

সূত্র: ডেকান হেরাল্ডকেএএ/

Advertisement