দেশজুড়ে

কালবৈশাখীতে ভেঙে পড়লো বিদ্যালয়ের গেট, গুরুতর আহত শিক্ষার্থী

পটুয়াখালীতে কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যালয়ের গেট ভেঙে পড়ে আয়ান চন্দ্র সরকার নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এসময় আরও কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর বেশ কয়েকজন শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করছিল। এসময় দারোয়ান গেটটি খুলতে গেলে হঠাৎ সেটি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে। এতে আয়ানসহ আরও ৪-৫ জন শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

বিদ্যালয়ের উপাধ্যক্ষ সাহনাজ আক্তার জানান, হঠাৎ কালবৈশাখীর তীব্রতায় নবনির্মিত গেটটি ভেঙে পড়ে। দারোয়ান গেটটি ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। এতে আয়ান আঘাতপ্রাপ্ত হয়।

Advertisement

তিনি আরও জানান, আহত শিক্ষার্থী বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আহত অন্য শিক্ষার্থীরাও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।

মাহমুদ হাসান রায়হান/এসআর/এমএস