বগুড়ায় অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের কাটনারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
Advertisement
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসানের নেতৃত্বে শহরের ৩ নম্বর ওয়ার্ডের করোনেশন স্কুলের পাশে ওই অটোমোবাইলের দোকানে এই অভিযান চালানো হয়।
জানা গেছে, মা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে খোলা বাজারে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত করে আসছিল। অভিযানে সেখানে প্রায় ২০০ লিটার জ্বালানি তেলের সন্ধান মেলে। প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত দামের তোয়াক্কা না করে প্রতি লিটার ২০০ টাকা দরে তেল বিক্রি করছিল, যা হাতেনাতে শনাক্ত করেন কর্মকর্তারা। এ ছাড়া দাহ্য পদার্থ বিক্রির জন্য প্রয়োজনীয় বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স বা ফায়ার সার্ভিসের কোনো ছাড়পত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, অনুমোদনহীন মজুত ও অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির অপরাধে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা ১৮০ লিটার তেল তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে।
Advertisement
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এলবি/এনএইচআর/এমএস