ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সফরকারী শ্রীলঙ্কা নারী দলের কাছে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার শুরু হলো টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের শুরুটাও ভালো হলো না নিগার সুলতানা জ্যোতিদের। লঙ্কানদের কাছে প্রথম ম্যাচেই ২৫ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
Advertisement
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। জবাব দিতে নেমে স্বর্ণা আক্তারের ঝোড়ো ব্যাটিং সত্ত্বেও বাংলাদেশকে ৭ উইকেট হারিয়ে থেমে যেতে হলো ১৩৬ রানে।
১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ৩৯ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন। কিন্তু দিলারা ২৩ ও জুয়াইরিয়া ১৬ রান করে আউট হলে এরপর টানা দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। শারমিন আক্তার ১ ও নিগার সুলতানা জ্যোতি শূন্য রানে আউট হন।
এরপর সুবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার ৩৯ রানের জুটি গড়ে আশা জাগান। কিন্তু সুবহানা অনেক বল খেয়ে ফেলেন। ২৬ বলে ১৬ রান করে আউট হন তিনি। স্বর্ণা আক্তার ৪৫ বলে ৬০ রান করে রানআউট হন। ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার মারেন তিনি। পরের ব্যাটাররা অবশ্য আর কিছু করতে পারেননি। বলই ছিল না আর।
Advertisement
ফলে ৭ উইকেটে ১৩৬ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। ইমেশ দুলানি ৪০ বলে ৫৫ ও হর্ষিথা সামারাবিক্রমা ৩৫ বলে ৬১ রান করে আউট হন।
আইএইচএস/