জাতীয়

ফটিকছড়িতে স্কুলছাত্র মাহিন হত্যা মামলার আসামি মহিউদ্দিন কারাগারে

চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে কিশোর রিহান উদ্দিন মাহিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মহিউদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Advertisement

মঙ্গলবার (২৮ এপ্রিল) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক সাইমা আফরিন হিমা এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর মহিউদ্দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী কফিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা মহিউদ্দিন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Advertisement

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২২ আগস্ট রাতে নিহত মাহিনের মা খাদিজা বেগম ফটিকছড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রতিবেশী নাজিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়। এছাড়া মো. নোমান, মো. আজাদ হোসেন, মো. তৈয়ব ও মহিউদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত মামলার ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রধান আসামি মাস্টার নাজিম উদ্দিন ও তৈয়ব এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ফটিকছড়ির কাঞ্চননগর এলাকায় মব সৃষ্টি করে স্থানীয় লোকজনকে উত্তেজিত করে কিশোর মাহিনকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাহাত ও মানিক নামে আরও দুইজন গুরুতর আহত হন।

এমআরএএইচ/এমএমকে

Advertisement