রাজনীতি

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার

সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষক প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে সংসদ ভবনে চিফ হুইপের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement

বৈঠকে ইইউ প্রতিনিধিদল জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম সরকারের ধীরগতি ও ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে সরকার ব্যর্থ হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ইইউ প্রতিনিধিদল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ পর্যবেক্ষণ প্রতিবেদন নাহিদ ইসলামের কাছে হস্তান্তর করে।

ইইউ প্রতিনিধিদের নাহিদ ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই কাঙ্ক্ষিত প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কারের লক্ষ্যে এনসিপি সংসদের ভেতরে এবং বাইরে সংগ্রাম চালিয়ে যাবে।

Advertisement

ইইউ নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভারস আইজবসের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশনের উপ-প্রধান বাইবা জারিনা, উপ-প্রধান পর্যবেক্ষক ইন্টা লেইস, লিগ্যাল এনালিস্ট ইরিনি মারিয়া গুওনারি এবং রায়ান ইসলাম।

নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ।

এনএস/এমএমকে

Advertisement