দেশজুড়ে

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের চাল পড়ে শ্রমিক নিহত

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘরের চাল উড়ে পড়ে জসিম গাজী (৪২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্ত্রী লাকি আক্তার।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে শহরের রেলওয়ে কাঁচা কলোনি এলাকায় তাদের বসতঘরের চাল উড়ে গিয়ে জসিম গাজীর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

স্ত্রী লাকি আক্তার জানান, চাঁদপুর সরকারি হাসপাতালে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান।

এদিকে একই ঝড়ে চাঁদপুর রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টারে বসবাসরত দিনমজুর জাহাঙ্গীর (৪০) ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন।

Advertisement

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, কালবৈশাখী ঝড়ে আহত হয়ে জসিম গাজীর মৃত্যুর বিষয়টি আমরা অবগত হয়েছি। আমাদের কাছে ঢাকার শাহবাগ থানা থেকে ফোন এসেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেবো।

এমএসআই/এমএমকে