দেশজুড়ে

বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে পড়েও প্রাণে বাঁচলো শিশু সাফিয়া

রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় তার কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া।

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মর্জৎকোল বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন আহম্মেদ ওই এলাকার সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

স্থানীয় বাসিন্দা একেএম রিপন জানান, সকালে সুমন তার মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে যাচ্ছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে মেয়েটি কোল থেকে ছিটকে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশু সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে।

Advertisement

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/এমএস