ট্যাক্স ও ডিউটির ক্ষেত্রে ব্যবসায়ীদের স্বস্তি দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। একই সঙ্গে অতিরিক্ত রেগুলেশন কমিয়ে ব্যবসা-বাণিজ্য সহজ করার আশ্বাসও দেন তিনি।
Advertisement
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা এগিয়ে গেলে দেশের অর্থনীতিও এগিয়ে যাবে। নতুন উদ্যোক্তাদের জন্য কর প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।
বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভায়’ তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা টিকে থাকলে এবং প্রবৃদ্ধি অর্জন করলে দেশও এগিয়ে যাবে। অর্থমন্ত্রীও ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। আগামী বাজেট প্রণয়নে ট্যাক্স ও ডিউটির ক্ষেত্রে ব্যবসায়ীদের জন্য যতটা সম্ভব সহায়ক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।
Advertisement
তিনি বলেন, যেসব ক্ষেত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ বা জটিল বিধিনিষেধ রয়েছে, সেগুলো পর্যালোচনা করে ধাপে ধাপে সমাধান করা হবে। ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া সমস্যাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
আবদুর রহমান খান বলেন, রাজস্ব কমপ্লায়েন্স প্রক্রিয়া আরও সহজ করতে এনবিআর কাজ করছে। বিশেষ করে নতুন উদ্যোক্তারা যেন সহজে কর ব্যবস্থার আওতায় আসতে পারেন, সে বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ট্যাক্সের আওতা বাড়ানো অবশ্যই প্রয়োজন। বৈষম্য দূর করতে পুরো জাতি এ বিষয়ে একমত।
সভায় উত্থাপিত দাবি ও প্রস্তাবগুলো পূর্ণ বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়ে তিনি ব্যবসায়ী নেতাদের ধন্যবাদ জানান।
Advertisement
আব্দুর রহমান খানের সভাপতিত্বে ও এফবিসিসিআই প্রশাসক আব্দুর রহিম খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এতে শীর্ষ ব্যবসায়ী এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ইএআর/ইএ