জাতীয়

চট্টগ্রামে প্রবাসী হত্যায় ৭ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ১৮ বছর আগে মো. রফিক নামে এক প্রবাসীকে হত্যার দায়ে সাত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার।

রায়ে আটজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা হলেন—মো. হুমায়ন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন।

Advertisement

রায় ঘোষণার সময় বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা ও মো. হোসেন আদালতে উপস্থিত ছিলেন। তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে দণ্ডপ্রাপ্ত জামাল, জসিম ও মিল্টন সরদার আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হাসেম বলেন, ২০০৭ সালের ১৪ আগস্ট মো. রফিক নামে এক প্রবাসী হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় সাতজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন মো. রফিক। পরে ১৪ আগস্ট তিনি নগরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি বেড়াতে যান। ওই রাতে তিনি সেখান থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে নিখোঁজ হন।

Advertisement

রাত সাড়ে ১০টার দিকে নগরীর আমিরবাগ এলাকার তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় নিহতের ভাই জাকির হোসেন লুলু বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

এমডিআইএইচ/বিএ