মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় রোগীদের প্রতারিত করার অভিযোগে একটি সক্রিয় দালাল চক্রের ১২ সদস্যকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আটককৃতদের মধ্যে ৮ জন নারী এবং ৪ জন পুরুষ রয়েছে।
জানা গেছে, এই চক্রটি ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মূল ফটকেই রোগীদের টার্গেট করত। উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও নামকরা চিকিৎসকের প্রলোভন দেখিয়ে তারা সহজ-সরল রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত। মাত্র ১০০-২০০ টাকা কমিশনের বিনিময়ে তারা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ল্যাবে পরীক্ষা করাত এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করত।
Advertisement
আটককৃতদের মধ্যে মমিন মোল্লা নামে একজন জানান, তিনি দেড় বছর ধরে গ্রিন লাইফ হাসপাতালে কাজ করছেন এবং রোগী ধরে দিলে ৫০-১০০ টাকা কমিশন পান। এক নারী সদস্য জানান, তিনি ৬ হাজার টাকা বেতনের বিনিময়ে ল্যাবের রিপোর্ট আনা-নেওয়ার কাজ করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে দালালদের দৌরাত্ম্য নিয়ে আমাদের কাছে অভিযোগ আসছিল। র্যাব ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যৌথ অভিযানে আমরা ১২ জনকে শনাক্ত করতে পেরেছি। তারা নিজেদের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্টের নিয়ম অনুযায়ী প্রত্যেককে ৩ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মো. সজল আলী/কেএইচকে/এএসএম
Advertisement