জাতীয়

টেলিগ্রামে এসএসসি প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে টাকা আদায়ের চেষ্টা, আটক ২

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যাত্রাবাড়ী র‍্যাব-১০ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন।

গ্রেফতাররা হলেন- মো. সাজেদুল ইসলাম সাইফ (২৪) ও তাউসিফ রহমান রিসাদ (২৩)।  

র‍্যাব জানায়, গ্রেফতাররা ছয় মাস আগে টেলিগ্রামে একাধিক গ্রুপ খুলে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করতো।

Advertisement

র‍্যাব-১০ এর অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন বলেন, সম্প্রতি তাদের গোয়েন্দা শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় একটি চক্রের তথ্য পায়, যারা এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া প্রচারণা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল। এর পরিপ্রেক্ষিতে কেরাণীগঞ্জে নজরদারি জোরদার করা হয়। পরে কামরাঙ্গীরচরের হাসাননগর ঝাউলাহাটি এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা প্রায় ছয় মাস আগে টেলিগ্রামে একাধিক গ্রুপ খুলে সংঘবদ্ধভাবে প্রতারণা করে আসছিল। তারা ফেসবুক ও টেলিগ্রামে প্রশ্নফাঁসের গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নেওয়ার চেষ্টা করতো।

গ্রেফতারদের ব্যবহৃত মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে। সেগুলো বিশ্লেষণ করে প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সোনালী সেন আরও বলেন, এ ধরনের প্রতারণা শুধু আইনত দণ্ডনীয় নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে।

Advertisement

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থেকে সন্দেহজনক কোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর কথাও জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

টিটি/এমএন