জাতীয়

জাপানে বাংলাদেশি তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ব্র্যাকের উদ্যোগ

ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং জাপানের জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন কোদোমো মিউজিয়াম প্রজেক্ট -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বাংলাদেশ ও জাপানের মধ্যে মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান এবং সাংস্কৃতিক বিনিময় সম্প্রসারণের লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি সই হয় বলে জানা গেছে।

Advertisement

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকায় ব্র্যাকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন এবং জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন কোদোমো মিউজিয়াম প্রজেক্টের পরিচালক গতো মাসায়ো সমঝোতা স্মারকে সই করেন।

এ অংশীদারত্বের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, জাপানি ভাষা শিক্ষা, ড্রাইভিং প্রশিক্ষণ, জাপানে চালক নিয়োগ এবং তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময়মূলক উদ্যোগ বাস্তবায়নে উভয় প্রতিষ্ঠান একযোগে কাজ করবে। এর ফলে, বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, পেশাগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।

বর্তমানে জাপানে দক্ষ ও অর্ধদক্ষ কর্মীর চাহিদা ক্রমবর্ধমান হারে বাড়ছে যা আন্তর্জাতিক কর্মশক্তি নিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

Advertisement

এ প্রেক্ষাপটে অংশীদারত্বের আওতায় বাংলাদেশি যুবক-যুবতী ও আগ্রহী পেশাজীবীরা জাপানি ভাষা প্রশিক্ষণ, ড্রাইভিং শিক্ষা, দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং ক্যারিয়ার সহায়তা সেবার মাধ্যমে জাপানে কর্মসংস্থানের অধিক সুযোগ লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া, এ সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালিত হবে, যা বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

দীর্ঘমেয়াদি এই অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিরাপদ যাতায়াত, পেশাগত ড্রাইভিং দক্ষতা বৃদ্ধি এবং জাপানে কর্মসংস্থানে আগ্রহী বাংলাদেশি কর্মীদের জন্য টেকসই সুযোগ সৃষ্টিতে একসঙ্গে কাজ করবে।

জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন কোদোমো মিউজিয়াম প্রজেক্ট জাপান ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং কমিউনিটি উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে।

Advertisement

এ সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের নিজ নিজ অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তরুণদের জন্য অর্থবহ সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি কার্যকর কাঠামো প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইচিওকা কোম্পানি লিমিটেডের পরিচালক শিমোমুরা তাকেশি, এমকেপি ডিজাইনার্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনকিউন পার্ক, নির্বাহী পরিচালক জিসু পার্ক, টোমোনি কোম্পানি লিমিটেডের কর্মকর্তা সুগানো মাসায়ুকি, এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির কর্মকর্তারা।

উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন যে, এ সহযোগিতা কর্মশক্তি উন্নয়ন, সাংস্কৃতিক সম্প্রীতি বৃদ্ধি এবং বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএমএ