খেলাধুলা

বিশ্বকাপের জন্য নিজের ব্যালন ডি’অর উৎসর্গ করতে চান রদ্রি

২০১০ সালের বিশ্বকাপ জয়ের পর আর বিশ্বকাপের সেমিফাইনাল খেলা হয়নি স্পেনের। তবে এবারের স্পেন দলটাকে অনেকেই বিশ্বকাপের সম্ভাব্য বিজয়ী হিসেবে ভাবছেন। কেননা দলটাতে রয়েছে লামিনে ইয়ামাল, পেদ্রির মত উদীয়মান তরুণ ফুটবলার সঙ্গে রদ্রির মতো অভিজ্ঞরা। যারা ম্যাচকে ঘুরিয়ে দিতে পারেন এক নিমিষেই।

Advertisement

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের জন্য নিজের ব্যালন ডি’অর ট্রফিকেও উৎসর্গ করে দিতে প্রস্তুত দলটির অধিনায়ক রদ্রি।

স্প্যানিশ দৈনিক কাদেনা সারকে দেওয়া এক সাক্ষাৎকারে রড্রি বলেন, ‘কোনো সন্দেহ ছাড়াই আমি আমার ব্যালন ডি’অর ট্রফিকে দ্বিতীয় বিশ্বকাপ জয়ের জন্য উৎসর্গ করতে প্রস্তুত। দেশের হয়ে বিশ্বকাপ জয় অন্য সবকিছুর থেকে আলাদা। ইউরোপিয়ান ট্রফিটা আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি জয় এখন পর্যন্ত। যদি বিশ্বকাপ জিততে পারি তাহলে সেটাই হবে শ্রেষ্ঠ। আমি এখনই বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে দেখার স্বপ্ন দেখছি না কারণ আমাদেরকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে। আমরা ধাপে ধাপে এগুতে চাই।’

বিশ্বকাপের ডামাডোলে নিজের দল বদল নিয়েও কথা বলেছেন রদ্রি। রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন সম্পর্কে রড্রি বলেন, ‘সত্যি কথা বলতে, এসব থেকে আমি দূরে থাকতে চাই। আমি জানি না তারা কোথা থেকে শুনতে পেয়েছে। আমি এখনো কোন সিদ্ধান্ত নেইনি। আপাতত বিশ্বকাপ নিয়েই ভাবতে চাই।’

Advertisement

বিশ্বকাপে স্পেনের মূল প্রতিপক্ষ কে হতে পারে এমন প্রশ্নে রড্রি বলেন, ‘এখানে অনেকগুলো দল আছে যারা বেশ ভালো করছে। আমি ২-৩টি দলের কথা বলছি না। আমি ৫-৬টি দলের কথা বলছি যারা বিশ্বকাপ জিততে পারে। ফুটবলে একটি মুহূর্তই যথেষ্ট পরিস্থিতি পাল্টে দিতে। তবে আমার মতে আর্জেন্টিনাকে মোকাবেলা করা হবে সবচেয়ে কঠিন কারণ তাদের যে দলগত সাফল্য এবং দলের একতা যেকোন কিছুকে ভেঙে দিতে পারে।’

আরআর/আইএন