চট্টগ্রামের পটিয়ায় এক সাংবাদিককে মারধরের ঘটনায় যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) রাতে হামলার শিকার সাংবাদিক আবেদুজ্জামান আমিরী বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি করেন।
মামলায় পটিয়া পৌরসভা যুবদলের নেতা এস এম রেজা রিপনকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুন দুপুরে পটিয়া প্রেস ক্লাবে অন্য সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরী। এ সময় এস এম রেজা রিপনের নেতৃত্বে একদল লোক প্রেস ক্লাবে প্রবেশ করে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
Advertisement
আবেদুজ্জামান আমিরী বলেন, ২০২৫ সালের ৫ নভেম্বর দৈনিক যুগান্তরে ‘পটিয়ায় শ্রীমাই খালে দুই যুবদল নেতার ধ্বংসযজ্ঞ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনের জেরে রিপন ও তার সহযোগীরা ক্ষুব্ধ ছিলেন। এর ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, অভিযোগ তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এমআরএএইচ/এমএএইচ
Advertisement