ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
শুক্রবার (১২ জুন) ঢাকার ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার এবং পরিচয় জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়। পরে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ড প্রদান দেন।
ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে কে এম মোজাম্মেল হককে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা জরিমানা ও একদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে, ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে মোসাম্মৎ মর্জিনা আক্তারকে একই ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
Advertisement
এছাড়া, মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মণ্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশ নিয়েছেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এ ঘটনায় ফারুক মণ্ডলকে দণ্ডবিধির ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় ৮ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৫ জন উপস্থিত ছিলেন।
আরএমএম/এএমএ
Advertisement